বিজ্ঞাপন

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের টাওয়ার ইজারা দেওয়ার সুযোগ

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংকের টাওয়ার ইজারা দেওয়ার সুযোগ

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংক পিএলসির (এনবিএল) আর্থিক সক্ষমতা বাড়ানো এবং ব্যাংকের অনুপার্জিত স্থাবর সম্পত্তি থেকে আয়ের নতুন পথ তৈরি করতে বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রাজধানীর পান্থপথে অবস্থিত ব্যাংকটির প্রস্তাবিত প্রধান কার্যালয় ‘এনবিএল টুইন টাওয়ার’-এর টাওয়ার-২ বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এ জন্য ব্যাংক কোম্পানি আইনের কঠোর বিধিনিষেধ শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

আজ (মঙ্গলবার) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।

সাধারণত ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, কোনো ব্যাংক তার নিজস্ব ব্যাংকিং প্রয়োজনের বাইরে অতিরিক্ত স্থাবর সম্পত্তি বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার বা ইজারা দিতে পারে না। তবে ব্যাংকের ব্যালেন্স শিট শক্তিশালীকরণ ও বিকল্প আয়ের পথ খুলে দিতে বাংলাদেশ ব্যাংক তাদের বিশেষ ক্ষমতাবলে ন্যাশনাল ব্যাংককে আগামী ২০৩১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিয়ম থেকে অব্যাহতি দিয়েছে।  

সার্কুলারে বলা হয়, ‘এনবিএল টুইন টাওয়ার’-এর টাওয়ার-২ বাণিজ্যিক স্থাপনা হিসেবে ইজারা প্রদানের ক্ষেত্রে এই আইনি ছাড় প্রযোজ্য হবে।

সব শেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের মার্চ মাস শেষে ন্যাশনাল ব্যাংকের খেলাপি ঋণ ২৪ হাজার ১৫৫ কোটি টাকায় দাঁড়িয়েছে। যা মোট ঋণের প্রায় ৫৭ শতাংশ। এ ছাড়া ব্যাংকটির মূলধন ঘাটতি রয়েছে ৯ হাজার ৩২ কোটি টাকা। ফলে আর্থিক সংকটের কারণে ব্যাংকটি নিয়মিত আমনতকারীদের জমানো অর্থ ফেরত দিতে পারছে না। 

এসআই/এনএফ