চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক পিএলসির মুনাফা বেড়েছে। একই সময়ে কমেছে বিমা প্রতিষ্ঠান ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা। কোম্পানি দুটির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদনের সার সংক্ষেপ প্রকাশ করেছে ব্যাংক ও বিমা খাতের কোম্পানি দুইটি।
সাউথইস্ট ব্যাংক
দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ব্যাংকটির ইপিএস বেড়েছে ৬ পয়সা বা ১০ শতাংশ।
আর চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ব্যাংকটির ইপিএস হয়েছে ১ টাকা ৬৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা। ফলে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৬৪ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৭ টাকা ১৬ পয়সা।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ আয় বৃদ্ধি এবং ঋণ ও অগ্রিমের বিপরীতে প্রভিশন কম রাখায় ইপিএস বেড়েছে। এ ছাড়া, অন্যান্য ব্যাংক ও গ্রাহকদের কাছ থেকে ঋণ ও আমানত বৃদ্ধি পাওয়ায় শেয়ারপ্রতি নিট পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) বেড়েছে।
শেয়ারবাজারে তালিকাভুক্ত সাউথইস্ট ব্যাংক ও ক্রিস্টাল ইন্স্যুরেন্স চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (২০২৬ সালের জানুয়ারি থেকে জুন) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বৃদ্ধি পেয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স
দ্বিতীয় প্রান্তিকে বিমা কোম্পানিটির ইপিএস হয়েছে ৮১ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৮৪ পয়সা। এতে বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানির ইপিএস কমেছে ৩ পয়সা বা ৪ শতাংশ।
তবে চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস বেড়েছে ৯ শতাংশ। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ১ টাকা ৯৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৭৮ পয়সা। গত ৩০ জুন ক্রিস্টাল ইন্স্যুরেন্সের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৭ পয়সা।
এমএমএইচ/এসএএস
