বিজ্ঞাপন

ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ

ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ৩৩ শতাংশ বেড়েছে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানটির (এনবিএফআই) দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বুধবার (২২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করেছে আর্থিক প্রতিষ্ঠানটি।

সার সংক্ষেপ অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে ইউনিয়ন ক্যাপিটাল শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১২ পয়সা। আগের বছরের একই সময়ে এই লোকসান ছিল ১ টাকা ৬০ পয়সা। অর্থাৎ বছরের ব্যবধানে কোম্পানির শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ৫২ পয়সা বা ৩৩ শতাংশ।

অবশ্য দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির লোকসান কিছুটা কমেছে। এ সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ১৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা হয়েছিল ১ টাকা ৫৩ পয়সা। ফলে দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান কমেছে ৩৫ পয়সা বা ২৩ শতাংশ। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক ৬৭ টাকা ৬১ পয়সা।

এ বিষয়ে কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, আগের বছরের একই সময়ের তুলনায় সুদ আয় কমে যাওয়া, খেলাপি ঋণ থেকে আদায় কম হওয়ায় প্রভিশন রিলিজ হ্রাস এবং রাইট-অফ করা ঋণ থেকে আদায় কমে যাওয়ায় প্রথম ছয় মাসে সমন্বিত শেয়ারপ্রতি লোকসান বেড়েছে। 

এছাড়া কর-পরবর্তী প্রায় ৩৬ কোটি ৫৯ লাখ টাকা নিট লোকসান, নিট সুদ আয় কমে যাওয়া এবং রাইট-অফ করা ঋণ থেকে আদায় হ্রাস পাওয়ায় ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের তুলনায় ২০২৬ সালের ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) কমেছে।

এর আগে লোকসানের কারণে ইউনিয়ন ক্যাপিটালের পরিচালনা পর্ষদ ২০২৫ সালের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ওই বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয় ২ টাকা ৪৬ পয়সা। ওই বছরের অন্যান্য এজেন্ডাসমূহে শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য আগামী ২৯ জুলাই বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে রেকর্ড ডেট ছিল গত ২২ জুন।

এমএমএইচ/জেআই