বিজ্ঞাপন

চট্টগ্রাম বন্দরের ৬ কার্গো বার্থে পাঁচ বছরের জন্য অপারেটর নিয়োগ অনুমোদন

চট্টগ্রাম বন্দরের ৬ কার্গো বার্থে পাঁচ বছরের জন্য অপারেটর নিয়োগ অনুমোদন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেনারেল কার্গো বার্থ এলাকায় ছয়টি কার্গো বার্থে পাঁচ বছরের জন্য বার্থ অপারেটর (কার্গো) নিয়োগের ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এই কার্গো বার্থ অপারেটর হিসেবে ছয়টি প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২২ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বাস্তবায়নে মোট ২৬৪ কোটি ৫ লাখ ২৯ হাজার ৭০০ টাকায় এ ক্রয় প্রস্তাব অনুমোদন করা হয়েছে। পুরো অর্থ সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে।

জানা গেছে, চট্টগ্রাম বন্দরে দায়িত্ব পালনকারী বর্তমান ছয়জন বার্থ অপারেটরের চুক্তির মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। নতুন করে বার্থ অপারেটর নিয়োগের লক্ষ্যে একধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে ছয়টি লটে মোট ১২টি প্রতিষ্ঠান দরপত্র জমা দেয়।

এর মধ্যে ১১টি দরপ্রস্তাব কারিগরি মূল্যায়নে গ্রহণযোগ্য বিবেচিত হয়। পরবর্তী মূল্যায়ন শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশ অনুযায়ী সর্বনিম্ন দরদাতা ও গ্রহণযোগ্য ছয়টি প্রতিষ্ঠানকে পাঁচ বছরের জন্য নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অনুমোদিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে বার্থ নম্বর-২-এর জন্য মেসার্স রুহুল আমিন অ্যান্ড ব্রাদার্সকে ৪৪ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা, বার্থ নম্বর-৩-এর জন্য এ ডব্লিউ খান অ্যান্ড কোম্পানি লিমিটেডকে ৪৩ কোটি ৯৯ লাখ ৪৯ হাজার ১০০ টাকা এবং বার্থ নম্বর-৪-এর জন্য ইউনাইটেড ট্রেডিং কোম্পানিকে ৪৪ কোটি ১ লাখ ৪ হাজার ২০০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়া বার্থ নম্বর-৫-এর জন্য মেসার্স কসমস এন্টারপ্রাইজকে ৪৪ কোটি ৩২ হাজার টাকা, বার্থ নম্বর-৭-এর জন্য মেসার্স ফোর জুয়েল স্টিভিডোরিং সিন্ডিকেট লিমিটেডকে ৪৪ কোটি ২৪ হাজার টাকা এবং বার্থ নম্বর-৮-এর জন্য মেসার্স পঞ্চরাগ উদয়ন সংস্থা লিমিটেডকে ৪৪ কোটি ১ লাখ ৮৮ হাজার ৪০০ টাকায় নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

এমএম/এসএম