বিজ্ঞাপন

একমাস বন্ধ থাকবে আরএকে সিরামিকসের দুই উৎপাদন ইউনিট

একমাস বন্ধ থাকবে আরএকে সিরামিকসের দুই উৎপাদন ইউনিট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেড কর্তৃপক্ষ তাদের টাইলস উৎপাদনের দুটি লাইন (ইউনিট) এক মাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এসব লাইনের মেশিনারিজের মেইনটেন্যান্সের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তথ্যানুযায়ী, ২৩ জুলাই থেকে আগামী ২২ আগস্ট পর্যন্ত টাইলস উৎপাদনের লাইন-৩ ও লাইন-৪ বন্ধ থাকবে। এ সময়ে কোম্পানির বাকি দুটি লাইনে (লাইন-১ ও লাইন-২) স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলবে।

এক মূল্য সংবেদনশীল তথ্যে বিষয়টি জানিয়েছে সিরামিক খাতের বহুজাতিক কোম্পানিটি।

কোম্পানি কর্তৃপক্ষ আরও জানিয়েছে, মেইনটেন্যান্স কার্যক্রম শেষ হওয়ার পর বন্ধ থাকা এসব লাইনে উৎপাদন শুরু হলে কোম্পানির পক্ষ থেকে তা বিনিয়োগকারীসহ সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৩ পয়সা, যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান হয়েছিল ৬ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৪ টাকা ৮৯ পয়সায়।

সর্বশেষ, ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।

২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমার গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১। এর ৭২ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। 

এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৫০, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৩৮ শতাংশ শেয়ার রয়েছে।

এমএমএইচ/এমএন