শেয়ারবাজারে তালিকাভুক্ত উৎপাদন খাতের দুই বহুজাতিক কোম্পানি বাটা সু ও লিন্ডে বাংলাদেশ লিমিটেড চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এর মধ্যে বাটা সু-এর মুনাফায় বড় ধরনের প্রবৃদ্ধি হয়েছে। আর লিন্ডে বাংলাদেশের মুনাফা সামান্য বেড়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) পৃথক অনিরীক্ষিত আর্থিক প্রতবেদনে এ তথ্য উঠে এসেছে।
বাটা সু
চলতি বছরের প্রথম ছয় মাসে বাটা সু এর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩৬ টাকা ৮৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৮৭ পয়সা। ফলে ইপিএস বেড়েছে ১৭ টাকা বা ৮৬ শতাংশ।
আর দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৯ টাকা ৭৩ পয়সা। যেখানে আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৭ টাকা ৫ পয়সা। গত ৩০ জুন কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৫ টাকা ৮ পয়সা।
কোম্পানিটি জানিয়েছে, বিক্রি বৃদ্ধি এবং পরিচালন ব্যয় কার্যকরভাবে নিয়ন্ত্রণে রাখার ফলে মুনাফা ও শেয়ারপ্রতি মুনাফা বেড়েছে।
লিন্ডে বাংলাদেশ
চলতি বছরের প্রথম ছয় মাসে লিন্ডে বাংলাদেশের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১২ টাকা ৭৮ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৩৩ পয়সা। এ সময়ে কোম্পানিটির মোট মুনাফা ১৮ কোটি ৭৬ লাখ টাকা থেকে বেড়ে ১৯ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত হয়েছে। সে হিসেবে কোম্পানিটির মুনাফা বেড়েছে ৬৯ লাখ টাকা বা ৪ শতাংশ বেশি।
তবে দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে। এ সময়ে শেয়ারপ্রতি মুনাফা ৭ টাকা ৩ পয়সা থেকে কমে ৫ টাকা ৫৬ পয়সায় নেমেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকে নিট মুনাফা ১০ কোটি ৭০ লাখ টাকা থেকে কমে এই প্রান্তিকে ৮ কোটি ৪৬ লাখ টাকায় নেমেছে। এই হিসাবে বছরের ব্যবধানে মুনাফা কমেছে ২১ শতাংশ।
গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১৩ টাকা ৯ পয়সা।
এমএমএইচ/এসএম
