মোনার্ক হোল্ডিংস লিমিটেডের স্টক ব্রোকার ও স্টক ডিলার নিবন্ধন সনদ নবায়নের সুপারিশে অনিয়মের অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ব্যাখ্যা দিতে তলব করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে জমা দিতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিএসইসির ১০২২তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান।
কমিশন জানায়, মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়নের বিষয়ে ডিএসইর সুপারিশ পর্যালোচনায় দেখা যায়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক-ডিলার, স্টক-ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা, ২০০০’ এর বিধি ৮(৩) অনুযায়ী নির্ধারিত ফরম ‘ছ’ এ প্রয়োজনীয় তথ্য যথাযথভাবে পূরণ না করেই ডিএসই নিবন্ধন নবায়নের পক্ষে ইতিবাচক সুপারিশ দিয়েছে। কমিশনের মতে, এটি বিধিমালার পরিপন্থী এবং ডিএসইর রেগুলেটরি দায়িত্ব পালনে স্পষ্ট ব্যর্থতা।
এরপর বিষয়টি নিয়ে কমিশন ডিএসইর কাছে ব্যাখ্যা চাইলে, সংস্থাটি ফরম ‘ছ’ পূরণ করে প্রয়োজনীয় তথ্য পাঠালেও নিবন্ধন সনদ নবায়নের পক্ষে বা বিপক্ষে কোনো সুনির্দিষ্ট রেগুলেটরি মতামত দেয়নি।
এ অবস্থায় ডিএসই কেন বিধিমালা অনুযায়ী সুস্পষ্ট সুপারিশ দিতে ব্যর্থ হয়েছে, সে বিষয়ে ব্যাখ্যা তলব করেছে কমিশন। পাশাপাশি, ব্যাখ্যা তলবের চিঠি পাওয়ার পাঁচ কার্যদিবসের মধ্যে বিধিমালার আলোকে প্রয়োজনীয় তথ্য, বিশ্লেষণ ও রেগুলেটরি মূল্যায়নসহ মোনার্ক হোল্ডিংস লিমিটেডের নিবন্ধন সনদ নবায়ন বিষয়ে একটি সুনির্দিষ্ট সুপারিশ কমিশনে পাঠাতে ডিএসইকে নির্দেশ দেওয়া হয়েছে।
এমএমএইচ/এসএএস
