চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি মোবাইল অপারেটর রবি আজিয়াটা পিএলসির মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে। একই সময়ে আরেক বহুজাতিক কোম্পানি ইউনিলিভার কনজ্যুমার কেয়ার বাংলাদেশের মুনাফায় ভাটা পড়েছে।
বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত কোম্পানি দুটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে পৃথকভাবে অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
রবি আজিয়াটা
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৭৩ পয়সা। সে হিসাবে এক বছরের ব্যবধানে ইপিএস বেড়েছে ২২ পয়সা বা প্রায় ৩০ শতাংশ।
আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৫০ পয়সা। আগের বছরের একই সময়ে এ মুনাফা ছিল ৪৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৫৩ পয়সা।
আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের প্রথম ছয় মাসে মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হলেও দ্বিতীয় প্রান্তিকে প্রবৃদ্ধির গতি তুলনামূলকভাবে ধীর ছিল। এরপরও কোম্পানিটি ধারাবাহিকভাবে ইতিবাচক মুনাফা ধরে রাখতে সক্ষম হয়েছে, যা অর্ধবার্ষিক আর্থিক ফলাফলে প্রতিফলিত হয়েছে।
ইউনিলিভার কনজ্যুমার কেয়ারে
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৩৩ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১৯ টাকা ৭৮ পয়সা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৯ টাকা ৪৫ পয়সা বা ৪৮ শতাংশ।
আর চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ টাকা ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৬২ পয়সা। ফলে প্রান্তিকভিত্তিক ইপিএস কমেছে ৮ টাকা ৫৮ টাকা বা ৬৮ শতাংশ। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৪ টাকা ৬২ পয়সা।
কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্রয় কমে যাওয়া এবং আগের বছরের একই সময়ে ট্রেডমার্ক ও প্রযুক্তি রয়্যালটি দায় পুনর্মূল্যায়নের ফলে এককালীন মুনাফা অন্তর্ভুক্ত থাকায় গত ছয় মাসে শেয়ারপ্রতি মুনাফা কমেছে। এছাড়া ২০২৫ অর্থবছরের লভ্যাংশ ঘোষণা ও পরিশোধের কারণে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) কমেছে।
এদিকে গতকাল অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায়, আগামী তিন বছরের জন্য মো. রুহুল কুদ্দুস খানকে পর্ষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে শামসুদ্দোহা নাঈমকে হেড অব ফাইন্যান্স এবং শারমিন আক্তারকে কোম্পানি সেক্রেটারি হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।
এমএমএইচ/এসএম
