দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৯টি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬টি ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফায় (ইপিএস) প্রবৃদ্ধি এসেছে। পাশাপাশি লোকসানে থাকা একটি ব্যাংকের লোকসানের পরিমাণ আরও বেড়েছে। এছাড়া একটি ব্যাংক লোকসান থেকে মুনাফায় ফিরেছে এবং একটির মুনাফা কমেছে।
বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত ব্যাংকগুলোর দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ব্র্যাক ব্যাংক, উত্তরা ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি), এনসিসি ব্যাংক ও এনআরবি ব্যাংকের মুনাফা বেড়েছে। এসময়ে লোকসানে থাকা আইসিবি ইসলামিক ব্যাংকের লোকসান আরও বেড়েছে। তবে এনআরবি ব্যাংক লোকসান কাটিয়ে মুনাফা ফিরেছে। আর স্ট্যান্ডার্ড ব্যাংকের মুনাফা কমেছে।
ব্যাংকগুলোর মধ্যে শেয়ারপ্রতি মুনাফায় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে ব্র্যাক ব্যাংকের। আলোচ্য তিন মাসে ব্যাংকটির ইপিএস হয়েছে ২ টাকা ৫৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা।
ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, নিট সুদ আয় ও বিনিয়োগ আয় বৃদ্ধির কারণে মুনাফা বেড়েছে।
দ্বিতীয় প্রান্তিকে উত্তরা ব্যাংকের ইপিএস বেড়ে হয়েছে ১ টাকা ১৭ পয়সা। আগের বছর ছিল ৪৬ পয়সা। বিনিয়োগ আয়, কমিশন ও ফি আয় বৃদ্ধি এবং ঋণের বিপরীতে প্রভিশন কমে যাওয়ায় এ প্রবৃদ্ধি এসেছে বলে জানিয়েছে ব্যাংকটি।
চলতি বছরের এপ্রিল-জুন সময়ে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস ২ পয়সা থেকে বেড়ে ২৬ পয়সায় এবং ইউসিবির ইপিএস ৮ পয়সা থেকে বেড়ে ১৫ পয়সায় দাঁড়িয়েছে। ইউসিবি জানিয়েছে, সহযোগী প্রতিষ্ঠানের উন্নত পারফরম্যান্সের কারণে মুনাফা বেড়েছে।
আলোচিত সময়ে এনসিসি ব্যাংকের ইপিএস ৯৬ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১ পয়সা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিনিয়োগ আয় বৃদ্ধি এবং শেয়ারবাজারে প্রভিশন ফেরত পাওয়ায় মুনাফা বেড়েছে।
এনআরবি ব্যাংক আগের বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি ১ টাকা ২৯ পয়সা লোকসানে থাকলেও চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ১ পয়সা মুনাফা করেছে।
বছরের ব্যবধানে দ্বিতীয় প্রান্তিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস ১৮ পয়সা থেকে কমে ১ পয়সায় নেমে এসেছে। আইসিবি ইসলামিক ব্যাংকের শেয়ারপ্রতি লোকসান আরও বেড়ে ৩৫ পয়সা হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ২৮ পয়সা।
এমএমএইচ/এসএম
