বিজ্ঞাপন

নতুন সহযোগী প্রতিষ্ঠান খুলবে এসিআই, বিনিয়োগ বাড়াবে বার্জার পেইন্টস

নতুন সহযোগী প্রতিষ্ঠান খুলবে এসিআই, বিনিয়োগ বাড়াবে বার্জার পেইন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুমুখী শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি নতুন একটি সহযোগী (সাবসিডিয়ারি) প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তালিকাভুক্ত আরেক কোম্পানি বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ তাদের শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠানে বিনিয়োগ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার (২৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানি দুটি পৃথকভাবে এ তথ্য জানিয়েছে।

এসিআই জানিয়েছে, গতকাল মঙ্গলবাল (২৮ জুলাই) অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় ‘এসিআই গ্লোবাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ডস লিমিটেড’ নামে একটি নতুন সহযোগী প্রতিষ্ঠান গঠনের অনুমোদন দেয়া হয়েছে। এই সহযোগী প্রতিষ্ঠানটিতে এসিআই পিএলসির ৮৫ শতাংশ শেয়ারের মালিক থাকবে। তবে এ সিদ্ধান্ত কার্যকর হবে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পর।

কোম্পানিটি আরও জানিয়েছে, নতুন এই সহযোগী প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন হবে ৩ কোটি টাকা।

বার্জার পেইন্টস বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার অনুষ্ঠিত তাদের পরিচালনা পর্ষদের সভায় শতভাগ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান জেনসন অ্যান্ড নিকলসন (বাংলাদেশ) লিমিটেডে নতুন করে ২০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত হয়েছে। এক্ষেত্রে নতুন এই বিনিয়োগের বিপরীতে সাধারণ শেয়ার ইস্যু করা হবে। তাদের এই সহযোগী প্রতিষ্ঠানটিতে রং, খাদ্যসহ বিভিন্ন শিল্পে ব্যবহৃত ধাতব ক্যান উৎপাদন করা হয়।

এমএমএইচ/এসএম