চকলেট ও ওয়েফারের একটি চালানে ঘোষণার চেয়ে অতিরিক্ত পণ্য পাওয়ায় প্রায় ১৯ লাখ ১৩ হাজার টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় রেইনবো করপোরেশনের আমদানি করা একটি পণ্য চালান কায়িক পরীক্ষা করে। চালানটির বিল অব এন্ট্রি গত ৫ জুলাই দাখিল করা হয়েছিল।
পরীক্ষায় দেখা যায়, আমদানিকারক ঘোষণায় চকলেটের পরিমাণ ৬ হাজার ৭০৪ দশমিক ৫৬ কেজি উল্লেখ করলেও প্রকৃতপক্ষে পাওয়া যায় ৭ হাজার ১৩২ দশমিক ২৫ কেজি। একইভাবে ওয়েফারের ক্ষেত্রে ঘোষিত ২ হাজার ৫৭২.১৬ কেজির পরিবর্তে পাওয়া যায় ২ হাজার ৬৮৪.৮৮ কেজি। সব মিলিয়ে ঘোষণার তুলনায় চালানটিতে অতিরিক্ত ৫৪০.৪১ কেজি পণ্য বেশি পাওয়া যায়, যা ঘোষিত নিট ওজনের তুলনায় প্রায় ৫.৮৩ শতাংশ বেশি।
এ ঘটনায় অতিরিক্ত শুল্ক-কর বাবদ ৮ লাখ ১৩ হাজার ৪৪০ টাকা ৫৭ পয়সা, অর্থদণ্ড হিসেবে ১০ লাখ টাকা এবং বিমোচন জরিমানা হিসেবে ১ লাখ টাকা আদায় করা হয়েছে। সব মিলিয়ে চালানটি থেকে মোট ১৯ লাখ ১৩ হাজার ৪৪১ টাকা অতিরিক্ত রাজস্ব, জরিমানা ও অর্থদণ্ড আদায় করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।
আরএম/এসএম
