বিজ্ঞাপন

পাঁচ বিমা কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি, কমেছে একটির

পাঁচ বিমা কোম্পানির মুনাফায় প্রবৃদ্ধি, কমেছে একটির

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এর মধ্যে পাঁচটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। বিপরীতে একটি কোম্পানির ইপিএস কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে পৃথকভাবে প্রকাশিত কোম্পানিগুলোর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে সবচেয়ে বেশি ২০০ শতাংশ ইপিএস বেড়েছে সিকদার ইন্স্যুরেন্সের। বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ১ টাকা ৫ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।

দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি হয়েছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস ১৬৯ শতাংশ বেড়ে ৯৪ পয়সায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৩৫ পয়সা।

এদিকে আলোচ্য সময়ে এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস ১০২ শতাংশ বেড়ে ৮৭ পয়সায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে কোম্পানিটির ইপিএস ছিল ৪৩ পয়সা।

আর ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস ৪০ শতাংশ বেড়ে ১ টাকা ১ পয়সায় উঠেছে। আগের বছরের প্রথম ছয় মাসে যা ছিল ৭২ পয়সা। 

এ ছাড়া, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ১৬ শতাংশ বেড়ে ২ টাকা ১৯ পয়সায় উন্নীত হয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৯ পয়সা।

অন্যদিকে ছয় কোম্পানির মধ্যে শুধুমাত্র নর্দার্ন ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস ৯ শতাংশ কমে ৮৯ পয়সায় নেমে এসেছে। আগের বছরের একই সময়ে যা ছিল ৯৮ পয়সা।

এমএমএইচ/এসএএস