ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাইনবোর্ড কর বৃদ্ধির প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ক্রমবর্ধমান নাগরিক সেবার চাহিদা ও উন্নয়নের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে ডিএসসিসি। ফলে, নিজস্ব আয় বাড়াতে বিদ্যমান ট্রেড লাইসেন্সের অংশ হিসেবে আদায় করা সাইনবোর্ড কর বৃদ্ধির একটি অলিখিত প্রস্তাব প্রশাসকের কাছে উপস্থাপন করা হয়। তবে কর বৃদ্ধির এমন যেকোনো প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন ডিএসসিসি প্রশাসক।
প্রশাসক বলেন, নাগরিকদের ওপর কোনো ধরনের অযৌক্তিক করের বোঝা চাপানো যাবে না। করের হার না বাড়িয়ে বরং আয়ের নতুন নতুন উপখাত তৈরির নির্দেশনা দেন তিনি। পাশাপাশি বিদ্যমান বাজেটের সঠিক ও স্বচ্ছ বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সন্তুষ্টি অর্জনের ওপর জোর দেন প্রশাসক।
এদিকে চলতি ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৪ হাজার ৪ কোটি ৬০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। আজ ডিএসসিসির নগর ভবন অডিটোরিয়াম এই বাজেট ঘোষণা করেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
গত ২৬ জুলাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচালনা কমিটির ১৪তম করপোরেশন সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের ৪ হাজার ৪ দশমিক ৬০ কোটি টাকার বাজেট অনুমোদিত হয়।
২০২৫-২৬ অর্থবছরের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেটের পরিমাণ ছিলো ৩ হাজার ৮৪১ দশমিক ৩৮ কোটি টাকা। ২০২৫-২৬ অর্থবছরে সংশোধিত বাজেটের পরিমাণ ছিলো ৩ হাজার ১৩৮ দশমিক ৭৭ কোটি টাকা।
এএসএস/এসএএস
