তৈরি পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক কল্যাণে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং গার্ডিয়ান লাইফ ইনস্যুরেন্স লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিকে শ্রমিক কল্যাণের একটি 'উজ্জ্বল দৃষ্টান্ত' হিসেবে অভিহিত করেছেন বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রাজধানীর গুলশানের হোটেল আমির ইন্টারন্যাশনালে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন একই মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার।
এসময় বিকেএমইএ সভাপতি বলেন, এই চুক্তির আওতায় শ্রমিকরা ২৪ ঘণ্টা টেলিমেডিসিন বা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ আরো কিছু সুবিধা পাবেন। শুধু তাই নয়, অসুস্থ শ্রমিকরা বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্ট বা মেডিকেল পরীক্ষার ক্ষেত্রে বিশেষ ছাড় বা ডিসকাউন্ট সুবিধা পাবেন, যা তাদের চিকিৎসা ব্যয় অনেকাংশে কমিয়ে আনবে। এই সুবিধার জন্য প্রত্যেক শ্রমিককে মাসিক ২০ টাকা প্রিমিয়াম দিতে হবে। আর বার্ষিক একত্রে দিলে লাগবে ২৫০ টাকা দিতে হবে।
বিমা খাতে আস্থার সংকট থাকা সত্ত্বেও এই প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকা যোগ্য ব্যক্তিদের উপর ভরসা রেখে তিনি এই চুক্তির উদ্যোগ নিয়েছেন বলে জানান। একই সঙ্গে অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা স্মরণ করে বলেন, আগে একটি বিমা কোম্পানির (পদ্মা লাইফ) সাথে চুক্তিবদ্ধ থাকাকালীন প্রতিষ্ঠানটি ম এক বছরে ২৫৫টি মৃত্যুজনিত দাবি নাকচ করে দিয়েছিল। সেখানে ইংরেজি-বাংলা নামের অমিল, মৃত্যুর ডেট আগ পিছের মতো স্রেফ তুচ্ছ অজুহাতে দেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত দীর্ঘ প্রচেষ্টায় তিনি সেই দাবিগুলো আদায়ে সক্ষম হয়েছিলেন।
সেই অনাস্থা কাটিয়ে গার্ডিয়ান লাইফের সাথে চুক্তিবদ্ধ হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, গার্ডিয়ান লাইফের পেছনে রয়েছেন তপন চৌধুরী (স্কয়ার) এবং সৈয়দ নাসিম (এপেক্স)-এর মতো ব্যক্তিত্বরা। বাংলাদেশে স্কয়ার বা এপেক্স যে সুনাম অর্জন করেছে, তার ওপর ভিত্তি করেই আমরা এবং আমাদের বোর্ড সদস্যরা কোনো দ্বিধা ছাড়াই এই মহতী উদ্যোগে শামিল হয়েছি।
মোহাম্মদ হাতেম বলেন, শ্রমিক কল্যাণে সমন্বিত প্রয়াসের এই উদ্যোগটি কেবল একটি ব্যবসায়িক চুক্তি নয়, বরং শ্রমিকদের জীবনমান উন্নয়নের একটি সমন্বিত প্রচেষ্টা। বিকেএমইএ'র একটি বিশেষ দল এবং গার্ডিয়ান লাইফের কর্মকর্তারা দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে এই মডেলটি তৈরি করেছেন। আমরা চেয়েছিলাম শ্রমিকদের জন্য ভালো কিছু করতে, সেই লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা।
অনুষ্ঠানের শেষে তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান যেন এই মহতী উদ্যোগের খবরটি দেশ-বিদেশে ব্যাপকভাবে প্রচার করা হয়। যাতে এই দৃষ্টান্ত দেখে অন্যান্য শিল্প মালিকরাও শ্রমিকদের স্বাস্থ্য ও জীবন বিমার বিষয়ে উৎসাহিত হবেন, যা সামগ্রিকভাবে বাংলাদেশের পোশাক শিল্পের ভাবমূর্তি উজ্জ্বল করবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গার্ডিয়ান লাইফের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শেখ রাকিবুল করিম। এতে গার্ডিয়ান লাইফের কো-ফাউন্ডার চেয়ারম্যান তপন চৌধুরী, পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএমএইচ/বিআরইউ
