বিজ্ঞাপন

দুই বিদ্যুৎকেন্দ্রের কয়লার দাম সংশোধন, বড় অঙ্কের ফুয়েল পেমেন্ট অনুমোদন

দুই বিদ্যুৎকেন্দ্রের কয়লার দাম সংশোধন, বড় অঙ্কের ফুয়েল পেমেন্ট অনুমোদন

দেশের দুটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কয়লার মূল্য নির্ধারণ (কোল প্রাইস মেকানিজম) সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এর আওতায় দুটি বিদ্যুৎকেন্দ্রের ফুয়েল পেমেন্ট বাবদ ১ লাখ ৭৬ হাজার ৯৭৪ কোটি টাকা ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, বিদ্যুৎ বিভাগের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের বাঁশখালীতে এসএস পাওয়ার-১ লিমিটেড কর্তৃক নির্মিত ২×৬১২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেড (বিইপিসিএল) কর্তৃক নির্মিত ৩০৭ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কোল প্রাইস মেকানিজম সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, এসএস পাওয়ার-১ লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ১ লাখ ৪৪ হাজার ২৫০ কোটি টাকা এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডের ফুয়েল পেমেন্ট বাবদ প্রায় ৩২ হাজার ৭২৪ কোটি টাকা ব্যয় হবে।

প্রস্তাবে এসএস পাওয়ার-১ লিমিটেড এবং বরিশাল ইলেকট্রিক পাওয়ার কোম্পানি লিমিটেডকে সুপারিশ করা দরদাতা হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।

এমএম/এসএম