মাত্র সাত কার্যদিবসে বস্ত্র খাতে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। একই সময়ে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেডের শেয়ারের দাম বেড়েছে প্রায় ২৫ শতাংশ।
কোম্পানি দুটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক মনে করছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ফলে কোম্পানি দুটির ব্যাখ্যা আমলে নিয়ে বিনিয়োগকারীদের জন্য সতর্কবার্তা প্রকাশ করেছে এক্সচেঞ্জটি।
জানা গেছে, সায়হাম টেক্সটাইল মিলসের শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ৬ আগস্ট ডিএসই কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।
অথচ ডিএসইর তথ্য বলছে, সায়হাম টেক্সটাইল মিলসের শেয়ারের দাম গত এক মাস ধরে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। এর মধ্যে গত ২৬ জুলাই কোম্পানির শেয়ার দাম ছিল ১৮ টাকা ৮০ পয়সায়। আর গত ৬ আগস্ট যা বেড়ে দাঁড়ায় ২৬ টাকা ৪০ পয়সায়। ফলে এই সময়ের মধ্যে মাত্র ৭ কার্যদিবসে কোম্পানি শেয়ারের দাম বেড়েছে ৭ টাকা ৬০ পয়সা বা ৪০ দশমিক ৪২ শতাংশের বেশি।
মূল্যবৃদ্ধির পাশাপাশি লেনদেনের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়েছে। কোনো কোনো সেশনে দৈনিক লেনদেন অন্যান্য স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি। সাধারণত ছোট মূলধনি কোম্পানিগুলোর ক্ষেত্রে এমন লেনদেনের তীব্রতা প্রায়ই কৃত্রিম চাহিদাকে ইঙ্গিত করে।
অন্যদিকে, একমি পেস্টিসাইডসের শেয়ারের দাম ও লেনদেনের পরিমাণ অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ৪ আগস্ট চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কোম্পানিটির কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠায়। এর জবাবে কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, বর্তমানে তাদের কাছে এমন কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) নেই, যা শেয়ারের দাম বা লেনদেনকে প্রভাবিত করতে পারে। অর্থাৎ, কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রম বা আর্থিক অবস্থানে এমন কোনো নাটকীয় পরিবর্তন ঘটেনি, যা এই দরবৃদ্ধিকে যৌক্তিক করতে পারে।
ডিএসইর তথ্য বলছে, একমি পেস্টিসাইডসের শেয়ারের দামও গত এক মাস ধরে দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছে। এর মধ্যে গত ২৬ জুলাই কোম্পানির শেয়ার দাম ছিল ২১ টাকা ১০ পয়সায়। আর গত ৪ আগস্ট যা বেড়ে দাঁড়ায় ২৬ টাকা ৩০ পয়সায়। ফলে মাত্র ৭ কার্যদিবসে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৫ টাকা ২০ পয়সা বা ২৪ দশমিক ৬৪ শতাংশের বেশি।
মূল্যবৃদ্ধির পাশাপাশি এই কোম্পানিটির লেনদেনের পরিমাণও অস্বাভাবিক হারে বেড়েছে।
এমএমএইচ/জেআই
