এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) দক্ষিণ, মধ্য ও পশ্চিম এশিয়া বিষয়ক সহ-সভাপতি ইংমিং ইয়াং বাংলাদেশে তার পাঁচ দিনের কৌশলগত সফর সম্পন্ন করেছেন। সফরের সময় তিনি এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজি প্রস্তুতকরণ, প্রধান সংস্কার কর্মসূচি এবং 'ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট' (আইজিএনডি) উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারকদের সঙ্গে নিবিড় আলোচনা শেষ করেছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) এডিবির ঢাকা অফিস এ তথ্য জানায়।
বাংলাদেশ বর্তমানে তার উন্নয়ন যাত্রার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে উল্লেখ করে এডিবি সহ-সভাপতি বলেন, প্রতিযোগী সক্ষমতা বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ টেনে আনা এবং বৈশ্বিক বা অভ্যন্তরীণ অর্থনৈতিক ধাক্কা মোকাবিলার সক্ষমতা বাড়ানো এখন সময়ের দাবি। সরকারের নেতৃত্বাধীন আইজিএনডি উদ্যোগটি আঞ্চলিক পর্যায়ে কানেক্টিভিটি ও উৎপাদনশীলতা বাড়িয়ে দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির পথ সুগম করবে।
গত মে মাসে এডিবি সভাপতি মাসাতো কান্দার ঢাকা সফরের ধারাবাহিকতায় এবার সরকারের সঙ্গে যৌথভাবে আইজিএনডি উদ্যোগের আওতায় প্রতি বছর ১০০ কোটি ডলারের বেশি আর্থিক সহায়তার একটি রূপরেখা তৈরি করা হয়।
সফরকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকে এডিবির পরবর্তী পাঁচ বছরের কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ব্যাংকিং সেক্টর ও মূলধন বাজারের উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি বিস্তার এবং বেসরকারি খাতের মাধ্যমে অর্থনৈতিক বহুমুখীকরণের বিষয়গুলো প্রাধান্য পায়।
চট্টগ্রামে আয়োজিত আইজিএনডি সংক্রান্ত জাতীয় সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে ইংমিং ইয়াং চট্টগ্রামকে বাংলাদেশের প্রধান সামুদ্রিক ও অর্থনৈতিক প্রবেশদ্বার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, পরিকাঠামো, লজিস্টিকস, জ্বালানি ও নগর উন্নয়নে সমন্বিত বিনিয়োগের মাধ্যমে অঞ্চলভিত্তিক প্রবৃদ্ধি জোরদার করা সম্ভব। তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীরের সঙ্গেও পৃথক বৈঠক করেন।
এসব বৈঠকে জলবায়ু সহনশীল অবকাঠামো, ডিজিটাল রূপান্তর এবং নবায়নযোগ্য জ্বালানিতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
সফরের অংশ হিসেবে চট্টগ্রামে এডিবির অর্থায়নে পরিচালিত 'স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম' পরিদর্শন করেন ইংমিং ইয়াং। সেখানে শিল্প খাতের চাহিদা অনুযায়ী যুবকদের কারিগরি প্রশিক্ষণ ও কর্মসংস্থান সৃষ্টির প্রক্রিয়া দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
এ ছাড়া সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন সহযোগী, গবেষণা সংস্থা ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন, যা এডিবির পরবর্তী কান্ট্রি পার্টনারশিপ স্ট্র্যাটেজিতে অন্তর্ভুক্ত করা হবে। পুরো সফরে তার সঙ্গে ছিলেন এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর কিংসুয়েং ঝাং।
এসআর/আরএফ
