করপোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী করতে বিভিন্ন ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সিকিউরিটিজ কমিশন ভবনে বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশের (আইসিএসবি) নবনির্বাচিত পরিচালনা পর্ষদের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
সাক্ষাৎকালে আইসিএসবির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান সংগঠনের সদস্যদের পেশাগত উন্নয়নে নেওয়া বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিএসইসি চেয়ারম্যানকে অবহিত করেন।
এ সময় বিএসইসি চেয়ারম্যান কোম্পানি সেক্রেটারি পেশার উন্নয়নে আইসিএসবির ভূমিকার প্রশংসা করে বলেছেন, বিএসইসির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের করপোরেট খাতে সুশাসন আরও শক্তিশালী হবে। একই সঙ্গে আইসিএসবি যাতে পেশাগত উন্নয়ন ও করপোরেট সুশাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে। সে ক্ষেত্রে কমিশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
সাক্ষাতে আইসিএসবি প্রতিনিধি দল বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।
সাক্ষাৎকালে আইসিএসবির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. রফিকুল ইসলাম এফসিএস, ভাইস প্রেসিডেন্ট মো. শরীফ হাসান এফসিএস, ট্রেজারার মো. মিজানুর রহমান এফসিএস এবং সেক্রেটারি ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বিরুল আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
এমএমএইচ/বিআরইউ
