বাজারে বেশিরভাগ সবজির দাম ৬০ থেকে ৮০ টাকার ঘরে। সরবরাহ কম এমন কিছু সবজি বিক্রি হচ্ছে ১২০ টাকার মধ্যে। তবে মৌসুম না হওয়ায় বাজারের সবচেয়ে দামি সবজি এখম শিম; যা বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকা করে।
আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।
আজকের বাজারে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, প্রতি কেজি শসা ৬০ টাকায়, করলা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, প্রতি কেজি ধুন্দল ৬০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৬০ টাকায় বিক্রি হচ্ছে।
এ ছাড়া, প্রতি কেজি গোল বেগুন বিক্রি হচ্ছে ৮০ টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকায়, গাজর ১২০ টাকায়, পেঁপে ৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা কেজি, টমেটো ১২০ টাকা, কচু ৮০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৬০ টাকা, মূলা প্রতি কেজি ৮০ টাকা, কাঁচা কলা হালি ৪০ টাকা, লাউ প্রতি পিস ৬০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
সাপ্তাহিক ছুটির দিনে রামপুরা বাজারে বাজার করতে এসেছেন সরকারি চাকরিজীবী রাজিব আহমেদ। তিনি বলেন, কিছুদিন আগে সবজির যে পরিমাণের দাম উঠেছিল, সেই তুলনায় দাম কিছুটা কমেছে।
সবজির দামের বিষয় মালিবাগ বাজারের সবজি বিক্রেতা সিরাজুল ইসলাম বলেন, আজ সবজির বাজার তুলনামূলক কম যাচ্ছে। ২/৩ সপ্তাহ আগে সবজির দাম এত বেশি হয়েছিল যে ক্রেতারা আধা কেজি, আড়াইশ গ্রাম করে সবজি কিনেছেন। সেই তুলনায় সবজির দাম কমে এখন ৬০ থেকে ৮০ টাকার ঘরে এসেছে।
টানা বৃষ্টি হয়ে ফসল ক্ষতিগ্রস্ত না হলে, সরবরাহ ঠিকঠাক থাকলে সবজির দাম এমন ৬০ থেকে ৮০ টাকার মধ্যেই থাকবে বলে মনে করেন তিনি।
এএসএস/এসএএস/এনএফ
