বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তাদের জন্য তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসই ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘বেসিক ওরিয়েন্টেশন অব সিকিউরিটিজ মার্কেট অপারেশনস’ শীর্ষক এ প্রশিক্ষণ ১০ থেকে ১২ আগস্ট সম্পন্ন হয়।
রোববার (১৬ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে প্রশিক্ষণের এই তথ্য জানানো হয়।
প্রশিক্ষণে বিএসইসির সহকারী পরিচালক ও সমমান এবং ব্যক্তিগত কর্মকর্তা ও সমমান পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান, ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও মহাব্যবস্থাপক মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া, এফসিএস এবং সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ আহসান হাবিব।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বিএসইসির এ উদ্যোগ পুঁজিবাজারের জন্য ইতিবাচক ও ফলপ্রসূ। প্রশিক্ষণের মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে কর্ম-অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সহজ হবে।
তিনি বলেন, পুঁজিবাজারের সুষ্ঠু পরিচালনা, পরিপালন, করপোরেট সুশাসন এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে বিএসইসি ও ডিএসইর কার্যকর সমন্বয় জরুরি। এ প্রশিক্ষণ কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাজার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করবে।
বিএসইসির অতিরিক্ত পরিচালক মো. হোসেন খান বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। একটি কার্যকর পুঁজিবাজারের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জ্ঞান, দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধি জরুরি।
তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা পুঁজিবাজারের কার্যক্রম, লেনদেন ও নিষ্পত্তি, বিনিয়োগকারী সুরক্ষা, নজরদারি এবং প্রযুক্তির ব্যবহার সম্পর্কে বাস্তব ধারণা লাভ করবেন। এর ফলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া, সহযোগিতা ও সমন্বয় আরও জোরদার হবে।
প্রশিক্ষণে দেশের পুঁজিবাজারের কার্যক্রম ও কাঠামো, লেনদেন, নজরদারি, তালিকাভুক্তি, করপোরেট সুশাসন, বাজার পর্যবেক্ষণ, বাজার কার্যক্রম, ট্রেক-সংক্রান্ত বিষয় এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে মৌলিক ও ব্যবহারিক ধারণা দেওয়া হয়।
সমাপনী দিনে ডিএসইর প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. আসিফুর রহমান বলেন, বিএসইসির এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। এর মাধ্যমে কমিশন ও স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের মধ্যে পরিচিতি, অভিজ্ঞতা বিনিময় এবং কার্যক্রম ও বাস্তব চ্যালেঞ্জ সম্পর্কে বোঝাপড়ার সুযোগ তৈরি হয়েছে।
তিনি বলেন, উভয় প্রতিষ্ঠানের অভিন্ন লক্ষ্য একটি কার্যকর, স্বচ্ছ ও সুশৃঙ্খল পুঁজিবাজার গড়ে তোলা। পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এ সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ একটি উন্নত, কার্যকর ও আস্থাশীল পুঁজিবাজার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, এ প্রশিক্ষণের মাধ্যমে বিএসইসি ও ডিএসইর কর্মকর্তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা আরও শক্তিশালী হবে।
এমএমএইচ/এমএসএ
