বিজ্ঞাপন

নোংরা রান্নাঘর, গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নোংরা রান্নাঘর, গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টকে লাখ টাকা জরিমানা

নোংরা রান্নাঘর, লেবেলবিহীন মাছ-মাংস ও রান্না করা মসলা সংরক্ষণ-এমন নানা অনিয়মের প্রমাণ মিলেছে রাজধানীর গ্রিন রোডের রূপসা রেস্টুরেন্টে। শুধু তাই নয়, ছিল না প্রয়োজনীয় নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্যসনদ ও পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র। এসব অনিয়মের দায়ে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত রেস্টুরেন্টটিকে এক লাখ টাকা জরিমানা করেছে।

সোমবার (১৭ আগস্ট) সংস্থাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, সংস্থাটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিরাজুম মুনীরা কায়ছানের নেতৃত্বে গ্রিন রোডের ২২৮ নম্বর ভবনে অবস্থিত রূপসা রেস্টুরেন্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান রেস্টুরেন্টে রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার পাওয়া যায়। এছাড়া রান্নাঘরের ফ্লোর ভাঙা ছিল। পরিদর্শনে রেফ্রিজারেটরে যথাযথ লেবেল ছাড়াই মাছ, মাংস, গ্রিল চিকেন এবং বিভিন্ন ধরনের রান্না করা মসলা সংরক্ষণের প্রমাণ মেলে।

এ ছাড়া রেস্টুরেন্ট কর্তৃপক্ষ নিবন্ধন সনদ, প্রিমিসেস লাইসেন্স, খাদ্য কর্মীদের স্বাস্থ্য সনদ এবং পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র দেখাতে ব্যর্থ হয়।

এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তারা এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা অংশ নেন।

এসআই/জেডএস