‘রাজস্ব সম্মেলন ২০২৬’ সামনে রেখে আয়কর, কাস্টমস ও ভ্যাট অনুবিভাগের কর্মকর্তাদের মঙ্গলবার সকাল সাড়ে ৮টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামীকাল মঙ্গলবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সোমবার (১৭ আগস্ট) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর, কাস্টমস ও ভ্যাট প্রশাসন থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে।
অফিস আদেশে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ে সম্মেলনস্থলে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে বলে জানা গেছে।
অফিস আদেশে বলা হয়েছে, আগামী ১৮ আগস্ট বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘রাজস্ব সম্মেলন ২০২৬’ আয়োজন করা হয়েছে। সম্মেলনের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জাতীয় রাজস্ব বোর্ডের অধীনস্থ সব কর্মকর্তাকে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে সম্মেলনস্থলে উপস্থিত থাকতে হবে। এ সম্মেলনে এনবিআরের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, সদস্য ও কর্মকর্তারা অংশ নেবেন।
অফিস আদেশের অনুলিপি এনবিআরের সংশ্লিষ্ট সদস্য, কমিশনার, মহাপরিচালক, পরিচালক, প্রথম সচিব ও দ্বিতীয় সচিবসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
এদিকে দায়িত্ব গ্রহণের পর জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বৈঠক হতে যাচ্ছে। রাজস্ব সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এনবিআরের মাঠপর্যায়ের কার্যক্রম, রাজস্ব আদায়ের প্রক্রিয়া ও সংস্থাটির কার্যক্রম সম্পর্কে সরাসরি ধারণা নেওয়ার বিষয়টি গুরুত্ব পেতে পারে।
সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, ২০২৬-২৭ অর্থবছরে এনবিআরের জন্য নির্ধারিত ৬ লাখ ৪ হাজার কোটি টাকার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে সংস্থাটির কৌশল নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে। চলতি অর্থবছরের এ লক্ষ্যমাত্রা আগের অর্থবছরের তুলনায় ৪৫ শতাংশের বেশি।
উচ্চ লক্ষ্যমাত্রার এই রাজস্ব আদায়ে করের আওতা বাড়ানো, কর ফাঁকি রোধ, উৎসে কর আদায় জোরদার এবং মাঠপর্যায়ে তদারকি বাড়ানোর মতো বিষয়গুলো এনবিআরের কৌশলের অংশ হতে পারে। রাজস্ব সম্মেলনে এসব বিষয়ে কর্মকর্তাদের কাছ থেকে বাস্তব পরিস্থিতি ও সম্ভাব্য করণীয় সম্পর্কে মতামত নেওয়া হতে পারে। এ ছাড়া ২০২৫ সালে এনবিআরকে দুটি ভাগে পৃথকীকরণ কেন্দ্রিক আন্দোলনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তীব্র মতভেদ দেখা দেয়। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ বিষয়ে খোলামেলা আলাপ হতে পারে বলে জানা গেছে।
এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে দুই দিনব্যাপী দেশের ইতিহাসে প্রথম এই রাজস্ব সম্মেলনের উদ্বোধন করা হয়। রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই দুই দিনব্যাপী সম্মেলনে এনবিআরের কার্যক্রম নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, ভ্যাট, শুল্ক ও আয়কর বিষয়ে পৃথক সেমিনার, তথ্য বুথ এবং রাজস্ব ব্যবস্থার ইতিহাস তুলে ধরতে রেভিনিউ মিউজিয়াম প্রদর্শনের ব্যবস্থা ছিল।
আরএম/এমএসএ
