বিজ্ঞাপন

ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

ট্যাক্স ক্যাডার থেকে প্রথমবার দুদক কমিশনার হলেন সাজ্জাদ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের সাবেক সদস্য ও ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুর্নীতি দমন কমিশনের নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

দুদকের ইতিহাসে এ প্রথম ট্যাক্স ক্যাডারের কোনো কর্মকর্তা কমিশনের কমিশনার হিসেবে নিয়োগ পেলেন। এর আগে ট্যাক্স ক্যাডারের একাধিক কর্মকর্তা দুদকের বিভিন্ন পদে ডেপুটেশনে কাজ করলেও কমিশনার হিসেবে নিয়োগ প্রথম ব্যক্তি হলেন সাজ্জাদ।

সোমবার (১৭ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন বলা হয়, দুদক আইন, ২০০৪ অনুযায়ী ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া দুদক কমিশনার হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকের সমপর্যায়ের বেতন, ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ২০২৫ সালের ৪ মে তাকে ওই পদে নিয়োগ দেওয়া হয়।

তার বর্ণাঢ্য কর্মজীবনে ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, ট্যাক্স আইন, কর নীতি, এবং অর্থ পাচার রোধসহ আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে তার দীর্ঘ তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে বলে জানা গেছে।

এফআরসি ও এনবিআর সূত্রে জানা গেছে, সাবেক উচ্চপদস্থ কর কর্মকর্তা ড. মো. সাজ্জাদ হোসেন ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮৪ সালে প্রথম শ্রেণিতে বি.কম (সম্মান) এবং ১৯৮৫ সালে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকার করে এম.কম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের ওপর ডক্টর অব ফিলোসফি (পিএইচডি) ডিগ্রি অর্জন করেন। তার শিক্ষাজীবনের শুরুতে তিনি ১৯৭৯ সালে কুমিল্লার বাতাকান্দি এসএসএএইচএম হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮১ সালে কবি নজরুল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

বর্ণাঢ্য কর্মজীবন শুরু হয় ব্যাংকার হিসেবে। ১৯৮৭ সালে আইসিবির সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। এক বছরের মাথায় ১৯৮৮ সালে এবি ব্যাংক পিএলসিতে প্রভিশনারি অফিসার হিসেবে যোগদান করেন। ১৯৮৯ থেকে ১৯৯০ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন। আর ১৯৯১ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ট্যাক্স ক্যাডারে যোগদান করেন এবং দীর্ঘ কর্মজীবন শেষে ২০২২ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য হিসেবে অবসর গ্রহণ করেন।

উচ্চশিক্ষার প্রসারেও ড. ভূঁইয়ার অনন্য অবদান রয়েছে। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), ফিন্যান্স বিভাগ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইনডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ (আইইউবি), স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউএলএবি) এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকসহ দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অ্যাডজাংক্ট ফ্যাকাল্টি হিসেবেও যুক্ত আছেন বলে জানা গেছে।

আজকের প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে দুর্নীতি দমন কমিশনের নতুন চেয়ারম্যান এবং ড. জাহাঙ্গীর আলম খানকে কমিশনের অপর কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়।

গত ৩ মার্চ দুদকের চেয়ারম্যানসহ তিন কমিশনার পদত্যাগ করার পর নতুন কমিশন গঠনের উদ্যোগ নেয় সরকার। এরপর নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের জন্য মন্ত্রিপরিষদ সচিবকে সদস্যসচিব করে একটি সার্চ কমিটি গঠন করা হয়। সার্চ কমিটি ছয় দফা বৈঠক করে সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত যাচাই-বাছাই ও যোগ্যতা পর্যালোচনা করে। পরে চেয়ারম্যান ও দুই কমিশনার হিসেবে এ কে আসাদুজ্জামান, ড. জাহাঙ্গীর আলম খান ও ড. সাজ্জাদ হোসেন ভূঁইয়ার নাম চূড়ান্ত করে।

আরএম/এমএন