শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স পিএলসির করপোরেট উদ্যোক্তা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) কোম্পানিটির সব শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে।
আজ (মঙ্গলবার) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই শেয়ার বিক্রির ঘোষণা দেয় তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠানটি।
তথ্য অনুযায়ী, ইউসিবির কাছে ন্যাশনাল হাউজিংয়ের মোট ৫ লাখ ৬৩ হাজার ৫৬২টি শেয়ার রয়েছে। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে পাবলিক মার্কেটের মাধ্যমে এসব শেয়ার বিক্রি করবে ব্যাংকটি।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৫ শতাংশ বৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪১ পয়সা। সে হিসাবে ইপিএস বেড়েছে ২ পয়সা বা প্রায় ৫ শতাংশ।
চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ১৯ পয়সা, যা আগের বছরের একই সময়েও একই ছিল। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৯৪ পয়সা।
এমএমএইচ/আরএফ/এনএফ
