বিজ্ঞাপন

সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট নয় : বিকেএমইএ

সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট নয় : বিকেএমইএ

কোনো সরকারকে মূল্যায়নের জন্য ছয় মাস যথেষ্ট সময় নয় বলে মনে করছে নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।

সংগঠনটি মনে করছে, ‘তাসত্ত্বেও নতুন সরকার ব্যবসা পরিচালনাকে সহজতর করে বেসরকারি খাতকে সহায়তা করার জন্য এবং অর্থনীতির গতিধারা ফিরিয়ে আনার জন‍্য কিছু উদ্যোগ নিয়েছে।’

বুধবার (১৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো সরকারের ছয় মাসের মূল্যায়ন নিয়ে এক বিজ্ঞপ্তিতে বিকেএমইএ এমনটা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, বেসরকারি খাতকে সহায়তার জন্য কেন্দ্রীয় ব্যাংকের বেশ কিছু উদ্যোগের মধ্যে রয়েছে- রুগ্‌ণ, আংশিক বন্ধ বা বন্ধ কারখানাগুলোকে পুনঃঅর্থায়নের মাধ্যমে পুনরায় চালু করতে প্রণোদনা প্যাকেজ দেওয়া। কিছু নীতিগত বিষয় সহজ করার উদ্যোগও নেওয়া হয়েছে। 

তিনি বলেন, আংশিক রপ্তানিমুখী এবং বন্ড সুবিধাবিহীন রপ্তানিকারকদের ব্যাংক গ্যারান্টির বিপরীতে শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল আমদানির সুযোগ দেওয়ার সরকারের সিদ্ধান্তকেও আমরা স্বাগত জানাই। এটি আমাদের রপ্তানিকারকদের জন্য অনেক সহায়ক হবে এবং তাদের কার্যক্রম পরিচালনা সহজ করবে। 

কর নীতিতেও ভাল কিছু পরিবর্তন এনে ব‍্যবসা ও বিনিয়োগবান্ধব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান বিকেএমইএ সভাপতি। 

তিনি বলেন, এই মুহূর্তে শিল্পের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো গ্যাস ও বিদ্যুৎ সংকট। এসব সমস্যার স্বল্পমেয়াদি সমাধান করা সম্ভব নয়, কারণ সরকার আগের সরকারের কাছ থেকে এসব চ্যালেঞ্জ উত্তরাধিকারসূত্রে পেয়েছে।

তবুও প্রধানমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী এ সমস্যা সমাধানের লক্ষ্যে স্বল্প মেয়াদে তাৎক্ষণিক বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছেন বলে জানান মোহাম্মদ হাতেম। এর অংশ হিসেবে ব্যবসায়ী সংগঠন ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের পরামর্শ চেয়েছেন।

বিকেএমইএ সভাপতি বলেন, দীর্ঘ মেয়াদে জ্বালানি সংকট সমাধানের প্রতিশ্রুতিও দিয়েছে সরকার। তাদের এসব উদ্যোগের অংশ হিসেবে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীও আন্তরিকতার সঙ্গে কাজ করেছেন। 

তিনি বলেন, এর অংশ হিসেবে সরকার আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে কিছু এলএনজি আমদানি করেছে। আমাদের অর্থমন্ত্রীও গত রোববার এক অনুষ্ঠানে ব্যাখ্যা করেছেন যে এলএনজি সংকট সমাধানের কোনো শর্ট্‌কাট নেই। কারণ নতুন একটি এফএসআরইউ স্থাপনে প্রায় দুই বছর সময় লাগবে। 

তবে দীর্ঘমেয়াদি পরিকল্পনা অনুযায়ী সরকার আরেকটি এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে এবং তিনি আশা প্রকাশ করেছেন, আগামী দুই বছরের মধ্যে গ‍্যাস সংকটের সমাধান করা সম্ভব হবে। 

মোহাম্মদ হাতেম মনে করেন, বাংলাদেশ ব‍্যাংকের নানা পদক্ষেপ গ্রহণ করা হলেও ব‍্যাংকিং খাতের সমস‍্যাগুলো এখনও সমাধান হয়নি। তবে এ সময়ে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। সামগ্রিকভাবে আমরা দেখছি, সরকার এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা আশা করি, তারা দীর্ঘমেয়াদে এসব সমস্যার সমাধান করতে সক্ষম হবে।

এমএমএইচ/বিআরইউ

বিজ্ঞাপন