আবাসন খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি (এমআরসি) প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাই করছে বিশ্বব্যাংক। এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন সুবিধা পেতে পারে। পাশাপাশি আবাসন খাতে শেয়ারবাজার থেকে অর্থ সংগ্রহের নতুন সুযোগ তৈরির সম্ভাবনাও রয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভাকক্ষে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠার সম্ভাব্যতা, সম্ভাব্য কাঠামো এবং আবাসন অর্থায়ন ও শেয়ারবাজারে এর ভূমিকা নিয়ে বিশ্বব্যাংক গ্রুপের প্রতিনিধিদলের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে বিএসইসি চেয়ারম্যান মাসুদ খান সভাপতিত্ব করেন। এসময় কমিশনার তানভীর হাবিব রহমান, নাহিদ মাহতাব, মো. নাফিজ আল তারিক ও হোসেন সাদাতসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিএসইসি।
এতে উল্লেখ করা হয়, দেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি প্রতিষ্ঠিত হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে দীর্ঘমেয়াদি পুনঃঅর্থায়ন দেওয়া সম্ভব হবে। এতে দেশের প্রাথমিক বন্ধকি ঋণের বাজার আরও বিস্তৃত হতে পারে। একই সঙ্গে আবাসন খাতে দীর্ঘমেয়াদি ঋণের সরবরাহ বাড়ানোর সুযোগ তৈরি হবে। মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানির মাধ্যমে আবাসন অর্থায়নে পুঁজিবাজারের সম্পৃক্ততাও বাড়তে পারে।
দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রয়োজন মেটাতে ভবিষ্যতে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ তৈরি হলে আবাসন খাতের অর্থায়ন কাঠামোয় নতুন মাত্রা যোগ হতে পারে। ফলে ব্যাংকনির্ভর অর্থায়নের পাশাপাশি বাজারভিত্তিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এমআরসি প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নিয়েছে বিশ্বব্যাংক গ্রুপ।
এমএমএইচ/বিআরইউ
