বিজ্ঞাপন

ব্যাংকিং সংস্কারে অগ্রগতি, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ব্যাংকিং সংস্কারে অগ্রগতি, বাংলাদেশের পাশে থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের

সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি ও ব্যাংকিং খাতের চলমান সংস্কারে বাংলাদেশ ব্যাংকের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেছে মার্কিন ট্রেজারি বিভাগ। পাশাপাশি এসব ক্ষেত্রে বাংলাদেশের প্রতি যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও সমর্থন বজায় রাখার আশ্বাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে মার্কিন ট্রেজারি অ্যাটাশে লারিটা বোল্ডেন এবং ট্রেজারি লোকাল স্টাফ দিশা দুবে এক সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান, ড. মো. কবির আহমেদ এবং মো. সরওয়ার হোসেন উপস্থিত ছিলেন।

এসময় দেশের বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, কেন্দ্রীয় ব্যাংকের ঘোষিত সাম্প্রতিক প্রণোদনা প্যাকেজ, মুদ্রানীতি, বৈদেশিক মুদ্রার বিনিময় হার নীতি এবং ব্যাংকিং খাতের সার্বিক সংস্কার কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আলোচনায় বাংলাদেশ ব্যাংকের নেওয়া সাম্প্রতিক পদক্ষেপ ও অর্থনৈতিক সংস্কারের অগ্রগতি মার্কিন প্রতিনিধিদলের কাছে তুলে ধরা হয়। এসব উদ্যোগে সন্তোষ প্রকাশ করে প্রতিনিধিদল জানায়, বাংলাদেশের আর্থিক খাতের স্থিতিশীলতা ও টেকসই উন্নয়নে মার্কিন ট্রেজারি বিভাগের সহায়তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশ্বাস দেওয়া হয়-এমনটাই জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এসআই/এসএইচএ