বিজ্ঞাপন

বিওয়াইডির সঙ্গে চুক্তি

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

২৫০ কোটি টাকার প্রিফারেন্স শেয়ার ইস্যু করবে রানার

চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে মাস্টার সাপ্লাই অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অ্যাগ্রিমেন্টের (এমএসএমএ) পরবর্তী কার্যক্রম এগিয়ে নিতে টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দিয়েছে রানার অটোমোবাইলের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে দেশে বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের সিদ্ধান্তও অনুমোদন করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।

কোম্পানির তথ্যমতে, গত ২০ আগস্ট অনুষ্ঠিত রানার অটোমোবাইলের ২০২তম পরিচালনা পর্ষদ সভায় চীনের বিওয়াইডি অটো ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে সম্পাদিত এমএসএমএ-এর পরবর্তী কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সভায় এমএসএমএ বাস্তবায়নের পরবর্তী করণীয় অনুমোদন করা হয়েছে।

এর অংশ হিসেবে বিওয়াইডির সঙ্গে সংশ্লিষ্ট টেকনিক্যাল লাইসেন্স চুক্তি (টিএলএ) স্বাক্ষরের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি এমএসএমএ-এর আওতায় প্রকল্প স্থাপনের জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক গড়ে তোলা এবং অন্যান্য প্রস্তুতি গ্রহণের অংশ হিসেবে সম্পূর্ণ তৈরি অবস্থায় (সিবিইউ) বিওয়াইডির গাড়ি আমদানি ও বিতরণের অনুমোদন দিয়েছে পরিচালনা পর্ষদ।

তবে ডিএসইর পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাওয়া হলেও এখনো সংশ্লিষ্ট চুক্তির কপি জমা দেয়নি রানার অটোমোবাইল।

এদিকে, কোম্পানির মূলধন কাঠামোতেও বড় পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিচালনা পর্ষদ কোম্পানির অনুমোদিত মূলধন ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪০০ কোটি টাকা করার প্রস্তাব অনুমোদন করেছে। এ জন্য কোম্পানির অতিরিক্ত সাধারণ সভা (ইজিএম) থেকে অনুমোদন নেওয়া হবে।

এর পাশাপাশি ৫০ শতাংশ রূপান্তরযোগ্য সুবিধাসহ সঞ্চয়ী ও অংশগ্রহণবিহীন প্রিফারেন্স (অগ্রাধিকার) শেয়ার ইস্যুর প্রস্তাবও অনুমোদন করেছে পর্ষদ। এসব অগ্রাধিকার শেয়ারের মোট মূল্য হবে ২৫০ কোটি টাকা। তবে এ শেয়ার ইস্যুর ক্ষেত্রে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), যৌথমূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তর (আরজেএসসি) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন নিতে হবে।

রানার অটোমোবাইল জানিয়েছে, প্রস্তাবিত ইজিএম আগামী ৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। সভার সময় নির্ধারণ করা হয়েছে বেলা সাড়ে ১১টা। সভার স্থান পরে জানানো হবে। ইজিএমে অংশগ্রহণের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ সেপ্টেম্বর।

এমএমএইচ/জেডএস