বাংলাদেশের শিল্প সক্ষমতা বাড়াতে এবং শিল্পভিত্তিক গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করতে নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান করেছে অর্থ মন্ত্রণালয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের আওতাধীন 'স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম' এর উদ্যোগে সোমবার (২৪ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের ক্রিস্টাল বলরুমে এক অনুষ্ঠানে এ সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
দেশে শিল্প খাতের সক্ষমতা বৃদ্ধি এবং গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে বিআরডিআই'র উদ্যোগে সিকিপ প্রোগ্রামের আওতায় নির্বাচিত গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিক স্বীকৃতি ও সম্মাননা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, "বাংলাদেশের শিল্পখাতে উদ্ভাবন ও উন্নয়নে বিআরডিআই-এর আওতাভুক্ত গবেষক ও উদ্যোক্তাদের উদ্ভাবনী সাফল্য অত্যন্ত প্রশংসনীয়। এই আয়োজন কেবল বিআরডিআই'র আওতাভুক্তদেরই নয়, বরং দেশজুড়ে প্রযুক্তিগত অগ্রগতিতে নিয়োজিত পুরো গবেষক ও উদ্ভাবক সমাজকে নতুন করে অনুপ্রাণিত করবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব এবং সিকি-এর জাতীয় প্রোগ্রাম পরিচালক ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
খায়েরুজ্জামান বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সহায়তায় বাস্তবায়নাধীন বিআরডিআই উদ্যোগটি শিল্পবান্ধব বাস্তবমুখী সমাধানের মাধ্যমে দেশের সামগ্রিক উৎপাদনশীলতা বৃদ্ধি ও দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর মি. কিংফেং ঝাং। তিনি এই প্রোগ্রামের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের সঙ্গে এডিবির দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় অংশীদারিত্ব অব্যাহত রাখার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সিকিপের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।
আরএম/এমটিআই
