বিজ্ঞাপন

সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত

সমুদ্রে জাহাজের নিরাপত্তা নিয়ে ডিওএস-এর সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন ডিপার্টমেন্ট অব শিপিং (ডিওএস) ‘এনহেন্সিং দ্য সেফটি অব শিপস অ্যান্ড লাইফ অ্যাট সি, ইনক্লুডিং ইনল্যান্ড ওয়াটরওয়েজ ইন বাংলাদেশ, থ্রু দ্য ইউস অব মেরিন নেভিগেশন অ্যান্ড কমিউনিকেশন ইক্যুইপমেন্ট অনবোর্ড শিপস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করে। সেমিনারে নীতিনির্ধারক, সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা, শিপিং পেশাজীবী, শিক্ষাবিদ, প্রযুক্তি বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট শিল্পখাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমোডর মো. শফিউল বারী, (এনডি), ওএসপি, এনডিসি, পিএসসি, বিএন, মহাপরিচালক, ডিপার্টমেন্ট অব শিপিং। তিনি তার বক্তব্যে জাহাজ ও নৌযানের নিরাপত্তা বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া প্রদান এবং সমুদ্র ও অভ্যন্তরীণ নৌপথে জীবনরক্ষায় আধুনিক ন্যাভিগেশন ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন। 

সেমিনারটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেছে সেলেস্টিয়াল টেক লিমিটেড। অনুষ্ঠানে জাহাজভিত্তিক আধুনিক যোগাযোগ প্রযুক্তি এবং নিরাপদ জাহাজ পরিচালনায় মেরিন রেডিও যোগাযোগ সরঞ্জামের কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কারিগরি উপস্থাপনায় নৌ-নিরাপত্তা, আধুনিক মেরিন যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা, দুর্ঘটনা প্রতিরোধ, নিয়ন্ত্রক প্রতিপালন এবং বাংলাদেশের ব্লু ইকোনমি উন্নয়নে প্রযুক্তির ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহার নিয়ে মতবিনিময় করেন।

সেমিনারের অন্যতম আকর্ষণ ছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রস্তুতকারকের অত্যাধুনিক মেরিন ন্যাভিগেশন ও যোগাযোগ সরঞ্জামের প্রদর্শনী। অংশগ্রহণকারীরা ভিএইচএফ/এমএফ-এইচএফ রেডিও, ডিএসসি সিস্টেম, হ্যান্ডহেল্ড রেডিও, ভেসেল ট্র্যাকিং এবং ডিস্ট্রেস অ্যালার্টিংসহ বিভিন্ন আধুনিক নিরাপত্তা প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান। 

সেমিনারে অংশগ্রহণকারীরা মত প্রকাশ করেন যে, যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর নিয়ন্ত্রক তদারকির পাশাপাশি আধুনিক ন্যাভিগেশন ও যোগাযোগ প্রযুক্তির ব্যাপক ব্যবহার বাংলাদেশের সামুদ্রিক ও অভ্যন্তরীণ নৌপথে দুর্ঘটনা হ্রাস এবং নিরাপদ নৌপরিবহন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানের মাধ্যমে ডিপার্টমেন্ট অব শিপিং এবং সেলেস্টিয়াল টেক লিমিটেড দেশের সামুদ্রিক নিরাপত্তা ও প্রযুক্তিগত উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

এনএফ

বিজ্ঞাপন