বিজ্ঞাপন

কারখানা বন্ধের তথ্যের ভুল নিয়ে সিপিডির দুঃখ প্রকাশ

কারখানা বন্ধের তথ্যের ভুল নিয়ে সিপিডির দুঃখ প্রকাশ

নতুন সরকারের প্রথম ছয় মাসের অর্থনৈতিক পর্যালোচনায় জানুয়ারি-আগস্ট সময়ে গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা বন্ধ এবং ৬১ হাজার ৮৮১ শ্রমিক কর্মহীন হওয়ার তথ্য ভুল ছিল বলে স্বীকার করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

অনিচ্ছাকৃত এই তথ্যগত বিভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটির গবেষণা দল। তবে ভুল তথ্য স্বীকার করলেও শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে তাদের উদ্বেগ অমূলক নয় বলে জানিয়েছে সিপিডি।

মঙ্গলবার (২৫ আগস্ট) সিপিডির অতিরিক্ত পরিচালক অভ্র ভট্টাচার্য সই করা বিবৃতিতে সিপিডি জানায়, গত ২৪ আগস্ট ‘নতুন সরকারের প্রথম ছয় মাস : একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক মিডিয়া সংলাপে উপস্থাপিত প্রতিবেদনের ১১ নম্বর স্লাইডে শিল্প ও বাণিজ্যবিষয়ক অধ্যায়ে ওই তথ্য দেওয়া হয়েছিল।

সিপিডি জানায়, তথ্যটি ২২ আগস্ট ঢাকা ট্রিবিউনে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে নেওয়া হয়েছিল। তবে প্রতিবেদন তৈরির সময় তথ্যটির মূল উৎস যাচাই করা হয়নি। পরবর্তী সময়ে দেখা যায়, ঢাকা ট্রিবিউনের ওই প্রতিবেদনে ২০২৫ সালের ৫ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনের সময়কাল পরিবর্তন করে জানুয়ারি থেকে আগস্ট ২০২৬ উল্লেখ করা হয়েছিল। এ কারণেই বিভ্রান্তিকর তথ্যটি সিপিডির প্রতিবেদনে স্থান পায়। পরে ২৫ আগস্ট বিকেল ৪টা ৩৪ মিনিটে ঢাকা ট্রিবিউন তাদের প্রতিবেদনটি সংশোধন করে বলে জানিয়েছে সিপিডি।

অনবধানতাবশত বিভ্রান্তি সৃষ্টির ফলে আমরা দুঃখ প্রকাশ করছি উল্লেখ করে সিপিডি আরও জানায়, তাদের প্রতিবেদনের গবেষণাপদ্ধতিতে সংসদীয় ও মন্ত্রী পর্যায়ের বক্তব্য, জাতীয় বাজেট, গণমাধ্যমের প্রতিবেদন, সংবাদ বিজ্ঞপ্তি এবং ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক উৎস ব্যবহার করা হয়েছিল।

সংস্থাটি বলেছে, সাম্প্রতিক সময়ে বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও তাদের নেতারা শিল্পকারখানা বন্ধ হয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য দিয়ে আসছেন। এতে উদ্বেগ তৈরি হয়েছে। এ কারণেই বিষয়টি অর্থনৈতিক পর্যালোচনায় তুলে ধরা হয়েছিল। উপস্থাপিত তথ্যে বিভ্রান্তি থাকলেও শিল্প খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগের জায়গাটি রয়েছে। এ বিষয়ে সরকারের বিশেষ নজর দেওয়া প্রয়োজন বলেও মনে করে সংস্থাটি।

ভবিষ্যতে এ ধরনের তথ্যগত বিভ্রান্তি এড়াতে গবেষণা দল আরও সতর্ক থাকবে বলে জানিয়েছে সিপিডি। একই সঙ্গে বিষয়টি তাদের নজরে আনার জন্য দ্য ডিসেন্টকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি।

আরএম/এমএন

বিজ্ঞাপন