ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণের জন্য জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ডাচ-বাংলা ব্যাংক পিএলসি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩১১তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকার সাভার থানার বাইপাইল মৌজায় ১৬ দশমিক ৬০ ডেসিমাল জমি কেনা হবে। জমিটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকা। এর সঙ্গে সরকারি নিবন্ধন ফি ও অন্যান্য প্রাসঙ্গিক খরচও যুক্ত হবে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান ডিইপিজেড ডেটা সেন্টার প্রকল্পের কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনা এবং ভবিষ্যতে প্রকল্পটির সম্প্রসারণের লক্ষ্যে জমিটি কেনা হচ্ছে। তবে জমি কেনার এ সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিতে হবে।
প্রসঙ্গত, ২০০১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া ডাচ-বাংলা ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার ১৫ কোটি ৪ লাখ টাকা। এর মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের ছাড়া শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৬ দশমিক ৪৪ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে।
বৃহস্পতিবার শেয়ারবাজারে লেনদেনের শুরুতে ব্যাংকটির শেয়ার দর ছিল ৪৫ টাকা ৬০ পয়সায়।
এমএমএইচ/জেডএস
