টায়ার-২ মূলধন বাড়াতে ৫০০ কোটি টাকার বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানিয়েছে তালিকাভুক্ত ব্যাংকটি। গত মঙ্গলবার (২৫ আগস্ট) অনুষ্ঠিত ব্যাংকের ৩৩৭তম পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, ৫০০ কোটি টাকা সংগ্রহের লক্ষ্যে ইসলামি শরিয়াহসম্মত অথবা প্রচলিত সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে ব্যাংকটি। বন্ডটির মেয়াদ হবে সাত বছর। তবে বন্ড ইস্যুর জন্য সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে।
এদিকে চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) এমটিবির সমন্বিত শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) কমেছে ৭ শতাংশ। আলোচ্য সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৯৯ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৭ পয়সা। ফলে এক বছরের ব্যবধানে ইপিএস কমেছে ৮ পয়সা বা ৭ শতাংশ।
আর চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ১৭ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা। এ হিসাবে দ্বিতীয় প্রান্তিকে ইপিএস কমেছে ১২ পয়সা বা ৪১ শতাংশ। গত ৩০ জুন শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকা ১৬ পয়সায়।
এমএমএইচ/জেআই
