দেশে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে চলা প্রকল্পে বিদেশি প্রতিষ্ঠানের অনুকূলে এবার বৈদেশিক মুদ্রায় ব্যাংক গ্যারান্টি ও এসবিএলসি (স্ট্যান্ডবাই লেটার অব ক্রেডিট) দেওয়া যাবে।
বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশি কোম্পানির দেশি প্রতিনিধি বা সহযোগীরা চুক্তির জন্য প্রয়োজনীয় বিড বন্ড ও পারফরম্যান্স গ্যারান্টির সহজেই ব্যবস্থা করতে পারবে। তবে পর্যাপ্ত জামানত রাখা এবং ব্যাংকের নির্ধারিত ঋণসীমা মেনে চলার শর্তেই কেবল এই সুবিধা মিলবে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বাংলাদেশ ব্যাংক এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনার ফলে বিদেশি কোম্পানির স্থানীয় এজেন্ট বা দেশি অংশীদারেরা এখন থেকে আন্তর্জাতিক প্রকল্পের কাজের জন্য দেশের ব্যাংকগুলো থেকেই বৈদেশিক মুদ্রায় বিড বন্ড, পারফরম্যান্স গ্যারান্টি ও এসবিএলসি সুবিধা নিতে পারবে। এর মাধ্যমে বিদেশি প্রতিষ্ঠানের পক্ষে কাজ করা বাংলাদেশি প্রতিষ্ঠানগুলোর গ্যারান্টি ইস্যুসংক্রান্ত আগের নিয়ম কিছুটা সহজ করা হয়েছে।
তবে এই সুবিধা পেতে হলে মূল দরপত্র বা চুক্তিতে বৈদেশিক মুদ্রায় গ্যারান্টি গ্রহণের স্পষ্ট সুযোগ থাকতে হবে এবং বিদেশি কোম্পানির সঙ্গে দেশি প্রতিনিধির কাজ করার আসল চুক্তিপত্র জমা দিতে হবে। পাশাপাশি আর্থিক ঝুঁকি সামলাতে গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ব্যাংককে প্রয়োজনীয় জামানত রাখতে হবে।
গ্যারান্টির কোনো খরচ বা দায় তৈরি হলে কিংবা ব্যাংক গ্যারান্টি ক্যাশ হয়ে গেলে বিদেশি কোম্পানি তা কীভাবে ফেরত দেবে, তা-ও চুক্তিতে স্পষ্ট থাকতে হবে। সবশেষে গ্যারান্টি দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোকে তাদের নিজস্ব ঋণনীতি, একক গ্রাহক ঋণসীমা মেনে চলতে হবে এবং প্রয়োজনে পরিচালনা পর্ষদের অনুমোদন নিতে হবে।
এসআই/এসএম
