চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনাল প্রকল্পে প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করায় এপিএম টার্মিনালসকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোহাম্মদ আমিরুল হক।
শনিবার (২৯ আগস্ট) এপিএম টার্মিনালসের চেয়ারম্যান রবার্ট মার্সক উগ্নাকে পাঠানো এক চিঠিতে চেম্বার পরিচালকমণ্ডলী ও ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে তিনি এ কৃতজ্ঞতা জানান।
চিঠিতে চেম্বার সভাপতি বলেন, লালদিয়া কন্টেইনার টার্মিনালে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের প্রায় ৭৫০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ বিশ্বদরবারে নিরাপদ ও লাভজনক বিনিয়োগ গন্তব্য হিসেবে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে। এই প্রকল্পের প্রভাব শুধু একটি টার্মিনাল নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় টার্মিনাল অপারেটরের উপস্থিতি বাংলাদেশে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে কার্যকর ভূমিকা রাখবে।
তিনি বলেন, চট্টগ্রামের কৌশলগত ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে এ অঞ্চলকে আঞ্চলিক বিনিয়োগ ও লজিস্টিকস হাব হিসেবে গড়ে তোলার বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনা কাজে লাগাতে এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসকে চট্টগ্রামসহ বাংলাদেশে আরও বৃহৎ অবকাঠামোগত প্রকল্পে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
বিশেষ করে বে-টার্মিনাল, জাহাজ নির্মাণ ও বৃহৎ শিল্প খাতে বিনিয়োগের পাশাপাশি ২০৩৪ সাল নাগাদ বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার সরকারের লক্ষ্য বাস্তবায়নে এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসকে ভূমিকা রাখার আহ্বান জানান চেম্বার সভাপতি।
এপিএম টার্মিনালসের লালদিয়া প্রকল্পের গ্রাউন্ডব্রেকিং অনুষ্ঠান উপলক্ষে এপি মোলার-মার্সক ও এপিএম টার্মিনালসকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, প্রকল্পটির সফল ও দ্রুত বাস্তবায়নে চট্টগ্রাম চেম্বারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
এমআর/এমএসএ
