বিজ্ঞাপন

শেয়ারবাজারে আসছে ডেরিভেটিভস পণ্য, জানুয়ারিতে লেনদেন শুরুর আশা

শেয়ারবাজারে আসছে ডেরিভেটিভস পণ্য, জানুয়ারিতে লেনদেন শুরুর আশা

দেশের শেয়ারবাজারে প্রথমবারের মতো ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দাখিল করা কর্মপরিকল্পনা অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে ইনডেক্স ফিউচার দিয়ে ডেরিভেটিভস পণ্যের লেনদেন শুরু হবে। ২০২৮ সালের জানুয়ারিতে ডিএসইতে এ পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১০২৭তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্য চালুর লক্ষ্যে ডিএসইর দাখিল করা কর্মপরিকল্পনা কমিশন অনুমোদন করেছে। এ কর্মপরিকল্পনায় প্রয়োজনীয় রেগুলেটরি উদ্যোগ, সিস্টেম উন্নয়ন ও অবকাঠামো তৈরি, ক্লিয়ারিং ও সেটেলমেন্ট এবং ঝুঁকি ব্যবস্থাপনা বাস্তবায়নসংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া ডিএসইর এ কর্মপরিকল্পনা যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা কমিশনের পক্ষ থেকে পর্যবেক্ষণের বিষয়টিও সভায় অনুমোদন করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, বিএসইসি নিয়মিতভাবে ডিএসইর ডেরিভেটিভস পণ্য চালু-সংক্রান্ত কার্যক্রম মনিটর করবে।

বিএসইসি জানিয়েছে, প্রাথমিক ডেরিভেটিভস পণ্য হিসেবে ইনডেক্স ফিউচার দিয়ে লেনদেন শুরু হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি ও অবকাঠামো গড়ে তোলার পর ২০২৮ সালের জানুয়ারিতে ঢাকা স্টক এক্সচেঞ্জে ফিন্যান্সিয়াল ডেরিভেটিভস পণ্যের আনুষ্ঠানিক লেনদেন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

এমএমএইচ/এসএম