বিজ্ঞাপন

এজিএম স্থগিত, তবে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই

এজিএম স্থগিত, তবে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রমে বাধা নেই

আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করা হলেও সংগঠনটির নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো বাধা নেই।

রিহ্যাবের সাংগঠনিক ও অন্যান্য নিয়মিত কার্যক্রম আগের মতোই চালিয়ে যাওয়া যাবে বলে স্পষ্ট করা হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) জারি করা এক চিঠিতে এ বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, মন্ত্রণালয়ের গত ৩০ জুলাইয়ের ১৫৪ নম্বর স্মারকমূলে রিহ্যাবের বার্ষিক সাধারণ সভা ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছিল। তবে ওই সিদ্ধান্তের মাধ্যমে রিহ্যাবের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কোনো ধরনের বাধা-নিষেধ আরোপ করা হয়নি।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজালের গত ১৬ আগস্টের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় এ ব্যাখ্যা দিয়েছে।

চিঠিতে বলা হয়েছে, রিহ্যাবের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোনো ধরনের বাধা-নিষেধ নেই। ফলে এজিএম ছাড়া সংগঠনটির অন্যান্য সাংগঠনিক ও নিয়মিত কার্যক্রম স্বাভাবিকভাবেই পরিচালনা করা যাবে।

এদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের এ স্পষ্টীকরণকে স্বাগত জানিয়েছে রিহ্যাব কর্তৃপক্ষ। সংগঠনটির কার্যক্রম নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তি এ ব্যাখ্যার মাধ্যমে দূর হবে বলে মনে করছে তারা।

রিহ্যাব প্রেসিডেন্ট ড. আলী আফজাল বলেন, মন্ত্রণালয়ের স্পষ্টকরণের ফলে সংগঠনটির নিয়মিত কার্যক্রম নিয়ে সব ধরনের বিভ্রান্তির অবসান হবে। নির্ধারিত সময়ের মধ্যে সাংগঠনিক কার্যক্রম যথাযথভাবে পরিচালনার পাশাপাশি আবাসন খাতের উন্নয়ন ও সদস্যদের স্বার্থে রিহ্যাবের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসআই/জেআই