ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড (ইউসিবিআইএল) যমুনা ব্যাংক পিএলসির সাব-অর্ডিনেটেড বন্ড ভি-এর মাধ্যমে ৮০০ কোটি টাকা সংগ্রহের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে।
এই বন্ড ইস্যুর লিড অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট। সংগৃহীত অর্থ বাংলাদেশ ব্যাংকের রিভাইজড রেগুলারিটি ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক অনুযায়ী যমুনা ব্যাংকের টিয়ার-২ মূলধন শক্তিশালী করতে ব্যবহৃত হবে।
বন্ডটিতে বিভিন্ন ধরনের বিনিয়োগকারী অংশ নেন। মোট বিনিয়োগের ৫০ শতাংশ এসেছে বিভিন্ন ব্যাংক থেকে। এছাড়া ব্যক্তিগত বিনিয়োগকারী প্রায় ১০ শতাংশ, করপোরেট বিনিয়োগকারী ৯ শতাংশ এবং মিউচুয়াল ফান্ড ৯ শতাংশ বিনিয়োগ করেছে। বাকি অর্থ এসেছে অন্যান্য বিনিয়োগকারীদের কাছ থেকে।
লেনদেনটি সম্পন্ন হওয়া উপলক্ষ্যে ঢাকায় যমুনা ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে যমুনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দীন আহমেদ এবং ইউসিবি ইনভেস্টমেন্টের ফাউন্ডিং ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানজিম আলমগীরসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই লেনদেনের মাধ্যমে ডেট ক্যাপিটাল মার্কেটে ইউসিবি ইনভেস্টমেন্টের সক্ষমতা আরও দৃঢ়ভাবে প্রমাণিত হয়েছে। গত পাঁচ বছরে প্রতিষ্ঠানটি ৬১টি ইনভেস্টমেন্ট ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে গ্রাহকদের জন্য ১৭ হাজার কোটি টাকার বেশি মূলধন সংগ্রহ করেছে।
ডেট ও ইক্যুইটি ক্যাপিটাল মার্কেট, স্ট্রাকচার্ড ফাইন্যান্স, এমঅ্যান্ডএ, ভ্যালুয়েশন ও পোর্টফোলিও ম্যানেজমেন্টসহ বিভিন্ন ক্ষেত্রে সেবা দিয়ে আসছে ইউসিবি ইনভেস্টমেন্ট।
জেআই
