বিজ্ঞাপন

প্রায় ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো

প্রায় ৪৬ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে ডেসকো

সরকারের ইক্যুইটির বিপরীতে ৪৫ কোটি ৯০ লাখ টাকার ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। এ শেয়ার ইস্যুর জন্য কোম্পানিটিকে অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বুধবার (২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানায় তালিকাভুক্ত বিদ্যুৎ খাতের রাষ্টায়ত্ত্ব কোম্পানিটি।

ডেসকো জানায়, গত ৩১ আগস্ট দেওয়া এক চিঠির মাধ্যমে বিএসইসি এ বিষয়ে সম্মতি দেয়।

বিএসইসির অনুমোদন অনুযায়ী, প্রতিটি ১০ টাকা মূল্যের মোট ৪ কোটি ৫৯ লাখ ইরিডিমেবল নন-কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হবে। এর মাধ্যমে মোট ৪৫ কোটি ৯০ লাখ টাকা সংগ্রহ করা হবে।

ইস্যু করা শেয়ারগুলো বাংলাদেশ সরকারের অনুকূলে বরাদ্দ দেওয়া হবে। সরকারের পক্ষে এসব শেয়ারের প্রতিনিধিত্ব করবেন বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব।

কোম্পানিটি জানায়, বাংলাদেশ সরকারের ইক্যুইটির বিপরীতে এসব প্রেফারেন্স শেয়ার ইস্যু করা হচ্ছে। বিএসইসির অনুমোদন পাওয়ায় এখন এ সংক্রান্ত পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে পারবে ডেসকো।

ডেসকো ২০০৬ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩৯৭ কোটি ৫৭ লাখ টাকা। এর মধ্যে সরকারের বাইরে বিভিন্ন শ্রেণির বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৩২ দশমিক ৩৪ শতাংশ শেয়ার। গতকাল (মঙ্গলবার) ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর ২৩ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে।

এমএমএইচ/আরএফ