বিজ্ঞাপন

ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিংয়ের কাজ পেল এমএ হাসেম অ্যান্ড সন্স

ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিংয়ের কাজ পেল এমএ হাসেম অ্যান্ড সন্স

ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং (ম্যানুয়াল) কাজ পেয়েছে এমএ হাসেম অ্যান্ড সন্স। ২০ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৬০৯ টাকায় প্রতিষ্ঠানটিকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়ার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে প্রস্তাবটি নিয়ে আসা হয়। এটা বাস্তবায়ন করবে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষ। এ কাজে প্রয়োজনীয় অর্থ সংস্থাটির নিজস্ব তহবিল থেকে ব্যয় করা হবে।

প্রস্তাব অনুযায়ী, ভোমরা স্থলবন্দরে আমদানি করা পণ্য দ্রুত, নিরাপদ ও সঠিকভাবে লোড-আনলোডের কাজ ঠিকাদারের মাধ্যমে নিয়োজিত শ্রমিক দিয়ে সম্পন্ন করা হয়।

এ কাজের জন্য নতুন ঠিকাদার নিয়োগে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়। দরপত্রে চারটি প্রতিষ্ঠান অংশ নেয়। যাচাই-বাছাই শেষে তিনটি দরপ্রস্তাব কারিগরিভাবে গ্রহণযোগ্য বিবেচিত হয়।

পরবর্তী সময়ে দরপত্রের সব প্রক্রিয়া সম্পন্ন করে দরপত্র মূল্যায়ন কমিটি গ্রহণযোগ্য সর্বনিম্ন দরদাতা হিসেবে ‘এমএ হাসেম অ্যান্ড সন্স’, বাগেরহাটকে নির্বাচনের সুপারিশ করে।

সুপারিশ অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে ২০ কোটি ৩০ লাখ ৫২ হাজার ৬০৯ টাকায় ভোমরা স্থলবন্দরের কার্গো হ্যান্ডলিং (ম্যানুয়াল) কাজের ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, সুপারিশ করা দর দাপ্তরিক প্রাক্কলিত দরের চেয়ে শূন্য দশমিক শূন্য ৮৫ শতাংশ বেশি। দরপত্রের নির্ধারিত প্রক্রিয়া শেষে ঠিকাদার নিয়োগের প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়। বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেওয়া হয়েছে।

এমএম/এমএন

বিজ্ঞাপন