বিজ্ঞাপন

মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড

মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ড

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগ নিয়েছে ভ্যানগার্ড এএমএল রূপালি ব্যাংক ব্যালান্সড ফান্ড। এ বিষয়ে ফান্ডটির ইউনিটধারীদের বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এ তথ্য জানিয়েছে ফান্ডটির ট্রাস্টি।

আগামী ২৬ অক্টোবর বেলা ১১টায় ঢাকার মহাখালী ডিওএইচএসের ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের ঈগল হলে এই সভা অনুষ্ঠিত হবে।

সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড এএমএল জানিয়েছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন এবং তাদের স্বেচ্ছা প্রস্তাবের ভিত্তিতে ফান্ডটিকে মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

এজন্য ৪ অক্টোবর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে। আর ৭ অক্টোবর থেকে ফান্ডটির ইউনিটের লেনদেন স্থগিত থাকবে। রেকর্ড তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের দুই স্টক এক্সচেঞ্জে ফান্ডটির ইউনিট কেনাবেচা বন্ধ থাকবে।

মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামী ২৬ অক্টোবরের বিশেষ সাধারণ সভায় ইউনিটধারীদের মতামত নেওয়া হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের গত ৭ মে ২০২৬ তারিখের অনুমোদনের পর এই রূপান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।

এর আগে বুধবার শেয়ারবাজারে তালিকাভুক্ত এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডকেও মেয়াদি থেকে বে-মেয়াদি ফান্ডে রূপান্তরের উদ্যোগের কথা জানানো হয়। এ বিষয়ে ইউনিটধারীদের অনুমোদন নিতে আগামী ২৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা আহ্বান করা হয়েছে।

ডিএসই সূত্রে জানা যায়, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক এসইএমএল জানিয়েছে, বিএসইসির গত ৭ মে’র আদেশ এবং ফান্ডটিকে স্বেচ্ছায় মেয়াদি থেকে বে-মেয়াদিতে রূপান্তরের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সভাটি আহ্বান করা হয়েছে।

ঘোষণা অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর বেলা ১১টায় ঢাকার মহাখালীর ভিআইপি রোডে রাওয়া কনভেনশন হলের অ্যাঙ্কর হল ২-এ সভাটি অনুষ্ঠিত হবে। ফান্ডটির রেকর্ড তারিখ ৬ অক্টোবর নির্ধারণ করা হয়েছে। ওই দিন থেকেই ইউনিটের লেনদেন স্থগিত থাকবে।

এ ছাড়া ৮ অক্টোবর থেকে রূপান্তর-সংক্রান্ত কার্যক্রমের কার্যকর তারিখ নির্ধারণ করা হয়েছে। রেকর্ড তারিখ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা ফান্ডের পক্ষ থেকে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত স্টক এক্সচেঞ্জগুলোতে ফান্ডটির ইউনিটের লেনদেন বন্ধ থাকবে।

এমএমএইচ/জেডএস