তিন বছর পর আবারও সেরা করদাতা সম্মাননা দিতে যাচ্ছে সরকার। এবার শুধু সর্বোচ্চ কর পরিশোধ করলেই মিলবে না স্বীকৃতি। কর ফাঁকি, মানি লন্ডারিং, দুর্নীতি বা অনিয়মে কিংবা খেলাপি ঋণ থাকলে সেরা করদাতার তালিকা থেকে বাদ পড়তে হবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) ‘সেরা করদাতা সম্মাননা প্রদান নীতিমালা, ২০২৬’ প্রকাশ করেছে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)।
নতুন নীতিমালায় ব্যক্তি, পেশাজীবী, কোম্পানি ও বিভিন্ন ব্যবসায়িক খাতে সর্বোচ্চ আয়কর প্রদানকারীদের সম্মাননা দেওয়ার বিধান রাখা হয়েছে। নীতিমালা অনুযায়ী, ব্যক্তি, কোম্পানি ও বিভিন্ন ব্যবসায়িক খাত মিলিয়ে মোট ৭২ জন করদাতাকে সেরা করদাতা সম্মাননা দেওয়া হবে। এর মধ্যে ব্যক্তি পর্যায়ে ৩৩ জন, কোম্পানি পর্যায়ে ১৫টি এবং বিভিন্ন ব্যবসায়িক খাত থেকে ২৪টি কোম্পানি থাকবে।
এ বিষয়ে চলতি বছরের জুনে সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছিলেন, কর প্রদানে উৎসাহ সৃষ্টি এবং করদাতাদের সামাজিকভাবে সম্মানিত করতে ‘সেরা করদাতা পুরস্কার নীতিমালা, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন নীতিমালার আওতায় খাতভিত্তিক সর্বোচ্চ কর প্রদানকারীদেরও সম্মাননা দেওয়ার কথা জানানো হয়।
সরকারের লক্ষ্য, সর্বোচ্চ কর প্রদানকারীদের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে তাদের কর প্রদানে উৎসাহিত করা এবং অন্য নাগরিকদের নিয়মিত কর পরিশোধে উদ্বুদ্ধ করা। প্রতি অর্থবছরে অব্যবহিত পূর্ববর্তী করবর্ষে পরিশোধিত আয়করের পরিমাণের ভিত্তিতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ আয়কর প্রদানকারী ব্যক্তি ও কোম্পানিকে সম্মাননার জন্য নির্বাচন করা হবে।
নীতিমালায় ব্যক্তি শ্রেণিতে বিশেষ শ্রেণির ২৪ জনকে সম্মাননা দেওয়ার কথা বলা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ কর প্রদানকারী ব্যক্তি করদাতা থাকবেন ১৫ জন। এছাড়া সিনিয়র সিটিজেন হিসেবে একজন নারী ও একজন পুরুষ, একজন প্রতিবন্ধী ব্যক্তি এবং পাঁচজন নারী করদাতা সম্মাননা পাবেন।
পেশাজীবী শ্রেণিতে সম্মাননা পাবেন আরও নয়জন। বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, খেলোয়াড় এবং শিল্পী— প্রতিটি শ্রেণিতে একজন করে সম্মাননা পাবেন।
কোম্পানি পর্যায়ে সর্বোচ্চ কর প্রদানকারী ১৫টি কোম্পানিকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন ব্যবসায়িক খাত থেকে আরও ২৪টি কোম্পানিকে নির্বাচন করা হবে।
এসব খাতের মধ্যে ব্যাংকিং, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, জীবনবিমা, সাধারণ বিমা, চিকিৎসাসেবা, তৈরি পোশাক, প্রকৌশল, ইস্পাত, কৃষি ও খাদ্য, জ্বালানি, পাট, স্পিনিং ও টেক্সটাইল, ওষুধ ও রসায়ন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, রিয়েল এস্টেট, চামড়া, শিক্ষা, পর্যটন, চা ও সিরামিকসহ বিভিন্ন খাত রয়েছে।
সেরা করদাতা নির্বাচনের প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন হবে— প্রাথমিক বাছাই, যাচাই এবং চূড়ান্ত নির্বাচন।
প্রাথমিক বাছাই কমিটি কর অঞ্চল থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে সম্ভাব্য সেরা করদাতাদের তালিকা তৈরি করবে। এরপর যাচাই কমিটি বিভিন্ন সরকারি সংস্থা ও সংশ্লিষ্ট দপ্তর থেকে তথ্য সংগ্রহ করে করদাতাদের যোগ্যতা যাচাই করবে। সবশেষে চূড়ান্ত নির্বাচন কমিটি সেরা করদাতার তালিকা অনুমোদন করবে।
নীতিমালা অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত করদাতাদের নাম গেজেটে প্রকাশ করা হবে। তাদের করদাতা সম্মাননা কার্ড ও ক্রেস্ট দেওয়া হবে। গেজেটে নাম প্রকাশের পর দুই বছর পর্যন্ত সম্মাননা কার্ডের মেয়াদ ও নির্ধারিত সুবিধা বহাল থাকবে।
আয়কর আইন, ২০২৩ অনুযায়ী কর পরিশোধে ব্যর্থতা, অতিরিক্ত বকেয়া কর থাকা অথবা নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন ও প্রয়োজনীয় বিবরণী দাখিল না করলেও সংশ্লিষ্ট করদাতা সম্মাননার জন্য অযোগ্য হবেন।
আন্তর্জাতিক লেনদেনকারী কোম্পানির ক্ষেত্রে নির্ধারিত ফরমে ‘আন্তর্জাতিক লেনদেন সম্পর্কিত বিবরণী’ দাখিল না করলেও সম্মাননা পাওয়া যাবে না। করদাতার বিরুদ্ধে আয়কর বা দানকর ফাঁকির সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কিংবা পুনঃনিরীক্ষিত মামলা চলমান থাকলেও তাকে বিবেচনা করা হবে না।
এছাড়া, দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ বা অন্য কোনো সরকারি সংস্থার তদন্তে কর ফাঁকি, মানি লন্ডারিং, আন্তর্জাতিক অপরাধ, দুর্নীতি বা অনিয়মের সঙ্গে সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট করদাতাকে সম্মাননার জন্য অযোগ্য ঘোষণা করা হবে। একইভাবে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণগ্রহীতারাও সেরা করদাতার তালিকায় স্থান পাবেন না। তবে অনিবার্য কারণে সরকার কোনো করদাতার সম্মাননা প্রত্যাহারও করতে পারবে।
তিন বছর ধরে বন্ধ ছিল সম্মাননা
এর আগে ক্ষমতার পটপরিবর্তনের আগে ২০২৩ সালের ২০ ডিসেম্বর ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড বা কর কার্ড দেওয়া হয়েছিল। ২০২২-২৩ করবর্ষে জাতীয় পর্যায়ে সেরা করদাতা হিসেবে ৭৬ ব্যক্তি, ৫৪ প্রতিষ্ঠান ও ১১টি অন্যান্য শ্রেণিতে এ সম্মাননা দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারিতে ২০২২-২৩ করবর্ষে সর্বোচ্চ কর প্রদানকারী ৫৪ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা ও সম্মাননাপত্র দেয় জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট।
আরএম/জেআই
