ক্রেডিট কার্ড গ্রাহকদেরকে বিশেষ সুরক্ষা দেয়ার লক্ষ্যে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় যেকোনো অনাকাঙিক্ষত পরিস্থিতিতে (মৃত্যু, পঙ্গুত্ব কিংবা গুরুতর অসুস্থতা) বেঙ্গল ক্রেডিট কার্ড হোল্ডারদের পরিবারের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে ‘ক্রেডিট শিল্ড’ সুবিধা।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন এবং বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম. এম. মনিরুল আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এসময় উপস্থিত ছিলেন বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি বলেন, বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক সর্বদা উন্নত গ্রাহক সেবা নিশ্চিতে গুরুত্ব দিয়ে আসছে। আধুনিক বিশ্বের সাথে মিল রেখে আগামীতেও গ্রাহকদের জন্য আমরা আরো নতুন নতুন সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ।
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে. এম. আওলাদ হোসেন বলেন, ক্রেডিট শিল্ডের মাধ্যমে আমাদের গ্রাহকদের অনাকাঙিক্ষত আর্থিক ঝুঁকি থেকে সুরক্ষা দিয়ে আমরা নিরাপদ ও দায়িত্বশীল ব্যাংকিং নিশ্চিত করতে চাই।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান মো. আমিন হেলালীসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।
