বিজ্ঞাপন

সৌরবিদ্যুৎ প্ল্যান্টের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

সৌরবিদ্যুৎ প্ল্যান্টের যন্ত্রপাতি আমদানিতে ৬ মাসের শুল্ক-কর ছাড়

নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়াতে প্ল্যান্ট স্থাপনের যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ৬ মাসের জন্য শুল্ক-কর রেয়াত দেওয়ার প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ সুবিধার আওতায় নির্দিষ্ট যন্ত্রপাতি আমদানিতে অধিকাংশ শুল্ক ও কর থেকে অব্যাহতি মিলবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে মন্ত্রিসভার ২০তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে।

রাতে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সমুদয় রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর, আগাম কর এবং অগ্রিম আয়কর প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন পর্যন্ত অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

এতে বলা হয়, এর ফলে বিদ্যুৎ ঘাটতির ফলে জনজীবনে সৃষ্ট ভোগান্তি হ্রাস পাবে, শিল্প উৎপাদন অব্যাহত থাকবে, উৎপাদন ব্যয় হ্রাস পাওয়াসহ যন্ত্রপাতির ক্ষতি কম হবে, বিনিয়োগ ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে। এ ছাড়া, দ্রুততম সময়ের মধ্যে নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের মাধ্যমে বিদ্যুতের চাহিদা পূরণ হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মন্ত্রিসভা থেকে নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে‌ প্রজ্ঞাপন জারির তারিখ হতে ৬ মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানি সংক্রান্ত প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

এসএইচআর/এসএএস