বিজ্ঞাপন

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে রপ্তানি শুরু

চট্টগ্রামের মীরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে প্রথমবারের মতো পণ্য রপ্তানি শুরু হয়েছে। ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের তামাক প্রক্রিয়াজাতকরণ মেশিনারি রপ্তানির মধ্য দিয়ে শিল্পাঞ্চলটির বাণিজ্যিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো। 

এর ফলে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চালু শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়াল ১০টিতে। এর মধ্যে ৮টি ইপিজেড ও ২টি অর্থনৈতিক অঞ্চল।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর প্রথম রপ্তানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৩ সেপ্টেম্বর বেপজা থেকে প্রথম রপ্তানি অনুমতি পায়। এর ধারাবাহিকতায় গতকাল (৮ সেপ্টেম্বর) ইন্দোনেশিয়ায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি রপ্তানি করে। এ রপ্তানির মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চল-২ আনুষ্ঠানিকভাবে অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে।

সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন লিজ টোব্যাকো মেশিনারি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি করে। প্রতিষ্ঠানটির মোট বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৭২ মিলিয়ন মার্কিন ডলার। বর্তমানে সেখানে ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিষ্ঠানটি তামাকজাত পণ্য তৈরিতে ব্যবহৃত যন্ত্রপাতি উৎপাদন করে এবং শতভাগ রপ্তানিমুখী।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এ শিল্প প্লট বরাদ্দ পাওয়া ১৮টি প্রতিষ্ঠানের মধ্যে লিজ টোব্যাকো মেশিনারি প্রথম বাণিজ্যিক কার্যক্রম শুরু করল। আরও তিনটি প্রতিষ্ঠান অতি শিগগির উৎপাদন ও রপ্তানি কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছে বেপজা। বাকি ১৪টি প্রতিষ্ঠানের কারখানা নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে।

বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান বলেন, বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ অবস্থায় বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ থেকে ইন্দোনেশিয়ায় রপ্তানি শুরু হওয়া বাংলাদেশের রপ্তানি বাজার সম্প্রসারণ ও রপ্তানি গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদী।

বড় শিল্পাঞ্চল ভাগ হয়ে দুটি অঞ্চল

চট্টগ্রামের মীরসরাইয়ে ১ হাজার ১৩৮ দশমিক ৫৫ একর জমির ওপর বেপজা অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করা হয়। প্রশাসনিক ও পরিচালনাগত কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনার সুবিধার্থে পরে বৃহৎ এই শিল্পাঞ্চলকে বেপজা অর্থনৈতিক অঞ্চল-১ ও বেপজা অর্থনৈতিক অঞ্চল-২ নামে দুটি পৃথক জোনে ভাগ করা হয়।

এর মধ্যে অর্থনৈতিক অঞ্চল-২-এ ১৮টি প্রতিষ্ঠানকে শিল্প প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। প্রথম প্রতিষ্ঠান হিসেবে লিজ টোব্যাকো মেশিনারির উৎপাদন ও রপ্তানি শুরু হওয়ায় এই জোনের কার্যক্রম এখন আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক পর্যায়ে প্রবেশ করল।

বেপজার তথ্য অনুযায়ী, অর্থনৈতিক অঞ্চল-১ ও ২ মিলিয়ে মীরসরাইয়ের এই শিল্পাঞ্চলে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। অর্থনৈতিক অঞ্চল-১-এ ইতিমধ্যে বেশ কয়েকটি প্রতিষ্ঠান উৎপাদনে গেছে। অন্যদিকে অর্থনৈতিক অঞ্চল-২-এর আরও প্রতিষ্ঠান উৎপাদনে গেলে এই অঞ্চলের রপ্তানি ও কর্মসংস্থানে অবদান দ্রুত বাড়বে বলে আশা করা হচ্ছে।

ইন্দোনেশিয়ায় প্রথম রপ্তানির মাধ্যমে বেপজা অর্থনৈতিক অঞ্চল-২-এর যাত্রা শুরু হওয়াকে তাই শুধু একটি প্রতিষ্ঠানের বাণিজ্যিক কার্যক্রম শুরুর ঘটনা হিসেবে দেখছে না বেপজা। তাদের আশা, নতুন এই শিল্পাঞ্চল থেকে পর্যায়ক্রমে রপ্তানি বাড়বে এবং একই সঙ্গে বাংলাদেশের পণ্যের নতুন বাজার তৈরির সুযোগও তৈরি হবে।

এমএমএইচ/এমএসএ