বিজ্ঞাপন

ইমিগ্রেশন, এলএনজি ও বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে নীতিগত অনুমোদন

ইমিগ্রেশন, এলএনজি ও বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পে নীতিগত অনুমোদন

জাতীয় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান ব্যবস্থার সঙ্গে উন্নত তথ্য ও বিশ্লেষণভিত্তিক বিভিন্ন ব্যবস্থা সংযোজন, জরুরি গ্যাসের চাহিদা পূরণে এলএনজি আমদানি এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তার প্রয়োজনে বাংলাদেশের ইমিগ্রেশন ব্যবস্থাপনায় বিদ্যমান ব্যবস্থার সঙ্গে অগ্রিম যাত্রী তথ্য, যাত্রী নামের নথি, ই-ভিসা, ই-ভ্রমণ অনুমোদন এবং সার্বভৌম তথ্য বিশ্লেষণ ব্যবস্থা সংযোজনের প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব ব্যবস্থা সংযোজনের লক্ষ্যে ভিন্ন ক্রয় প্রণালী অনুসরণ করে সরাসরি চুক্তি সম্পাদনের জন্য সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮(২) ধারার আওতায় নীতিগত অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তাবটি উত্থাপন করে।

এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট অস্থিতিশীল ভূরাজনৈতিক পরিস্থিতিতে দেশে জরুরি গ্যাসের চাহিদা পূরণে টোটাল এনার্জিসের কাছ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে এলএনজি আমদানির প্রস্তাবেও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত প্রতি মাসে দুটি করে মোট ১৮টি কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রয়োজন হলে দুই পক্ষের সম্মতির ভিত্তিতে এর অতিরিক্ত কার্গো এলএনজিও আমদানি করা যাবে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

অন্যদিকে, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবেও নীতিগত অনুমোদন দিয়েছে কমিটি। স্থানীয় সরকার বিভাগ এ প্রস্তাব উত্থাপন করে।

এমএম/এমএসএ