বিজ্ঞাপন

বামার লাইসেন্স বাতিল, বিসিপিএর সঙ্গে একীভূত করার নির্দেশ

বামার লাইসেন্স বাতিল, বিসিপিএর সঙ্গে একীভূত করার নির্দেশ

দেশের বালাইনাশক (কীটনাশক) খাতের বিশৃঙ্খলা দূর ও বাণিজ্য সহজ করতে একই ধরনের কার্যক্রম পরিচালনাকারী দুটি বাণিজ্য সংগঠনকে একীভূত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (বামা)-এর লাইসেন্স বাতিল করেছে বাণিজ্য মন্ত্রণালয়।

একই সঙ্গে বামাকে অপর সংগঠন বাংলাদেশ ক্রপ প্রটেকশন অ্যাসোসিয়েশনের (বিসিপিএ) সঙ্গে একীভূত করা হবে।

বুধবার (৯ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, উভয় সংগঠনই বালাইনাশকের কাঁচামাল আমদানি, উৎপাদন, বিতরণ ও বাজারজাতকরণের সাথে সম্পর্কিত। দুই সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও কাজের পরিধি একই হওয়ায় একই খাতে একাধিক সংগঠন থাকলে নানামুখী প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল।

মন্ত্রণালয়ের তথ্যমতে, বর্তমানে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের (বিসিপিএ) সদস্য সংখ্যা ১ হাজার ২৩০, অন্যদিকে বাংলাদেশ এগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের (বামা) সদস্য সংখ্যা মাত্র ২০ প্রতিষ্ঠান। এছাড়া বামার অধিকাংশ সদস্য আগে থেকেই বিসিপিএ-এর সদস্য ছিলেন বা এখনও রয়েছেন।

এমন পরিস্থিতিতে বাণিজ্য মন্ত্রণালয় মনে করছে, বালাইনাশক ব্যবসার সুশৃঙ্খল পরিচালনা ও সার্বিক স্বার্থে একটি মাত্র শক্তিশালী সংগঠন থাকাই যৌক্তিক। তাই বাণিজ্য সংগঠন আইন, ২০২২-এর ৮ ধারা এবং বাণিজ্য সংগঠন বিধিমালা, ২০২৫-এর ১০ বিধির ক্ষমতাবলে ২০২২ সালে ‘বামা’কে দেওয়া লাইসেন্স বাতিল করেছে সরকার।

বামার লাইসেন্স বাতিল ও বিসিপিএ-এর সঙ্গে একীভূতকরণের এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের কৃষি ও বালাইনাশক খাতে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হবে এবং ব্যবসায়ীদের প্রশাসনিক জটিলতা কমে আসবে বলে আশা করছে বাণিজ্য মন্ত্রণালয়।

 এসআই/বিআরইউ