বাংলাদেশি পণ্যের প্রচারের লক্ষ্যে আগামী বছর কানাডায় একটি রোড শো আয়োজনের পরিকল্পনা করছে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা (বিবিসিসি)।
সোমবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বিবিসিসির ভাইস প্রেসিডেন্ট ফেরদৌস আহমেদের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে এ পরিকল্পনার কথা জানান।
সাক্ষাৎকালে বিবিসিসি বাংলাদেশে কানাডীয় বিনিয়োগ সুরক্ষায় প্রয়োজনীয় আইনি কাঠামো থাকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বাংলাদেশে প্রয়োজনীয় পরীক্ষাগার বা ল্যাবরেটরি সুবিধার অভাবে কানাডায় চিংড়ি রপ্তানির ক্ষেত্রে সৃষ্ট সমস্যার বিষয়টি তুলে ধরেন।
বিবিসিসি প্রতিনিধিদল জানান, কানাডা চীন ও ভিয়েতনাম থেকে বিপুল পরিমাণ তৈরি পোশাক আমদানি করে এবং সেখানে বাংলাদেশের রপ্তানির পরিমাণ বাড়ানোর যথেষ্ট সুযোগ রয়েছে।
তারা জানায় যে, কানাডা আইটি আউটসোর্সিংয়ের জন্য একটি বিশাল বাজার হলেও সেখানে বাংলাদেশের অংশগ্রহণ খুবই নগণ্য; অথচ এই সুযোগ কাজে লাগানোর মতো দক্ষ জনশক্তি বাংলাদেশের রয়েছে।
এ ছাড়া, তারা কানাডায় পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্যের রপ্তানি বৃদ্ধির ভালো সুযোগ রয়েছে বলেও জানান।
প্রতিমন্ত্রী কানাডা থেকে আরও বেশি বৈদেশিক বিনিয়োগ (এফডিআই) আনার ওপর জোর দেন।
এ সময় বিবিসিসি জানায়, তারা বাংলাদেশ সরকারের সহায়তায় আগামী বছর কানাডায় একটি রোড শো আয়োজনের পরিকল্পনা করছে।
প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবিসিসিকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি প্রতিনিধিদলকে সুনির্দিষ্ট প্রস্তাবনা উপস্থাপনের অনুরোধ জানান।
এনআই/জেডএস
