বিজ্ঞাপন

তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণ উদ্যোক্তাদের ব্যবসায় ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

দেশের উপজেলা পর্যায়ে তরুণ উদ্যোক্তা খুঁজে বের করে ব্যবসা শুরুতে সহায়তা দিতে নতুন কর্মসূচি চালু করেছে বাংলাদেশ ব্যাংক। ‘উদ্যোগ’ নামে এ কর্মসূচির আওতায় একজন তরুণ উদ্যোক্তা সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হবে ব্যাংক ঋণ এবং সর্বোচ্চ ১০ লাখ টাকা থাকবে অনুদান হিসেবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে। এ কর্মসূচির নীতিমালা গত ১৩ সেপ্টেম্বর জারি করেছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হবে। আবেদন করা যাবে ১৫ অক্টোবর পর্যন্ত।

প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের আট জেলার ৬৪টি উপজেলায় এ কর্মসূচি চালু করা হচ্ছে। জেলাগুলো হলো- মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোণা।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচিতে আবেদন করতে হলে বয়স সর্বোচ্চ ২৮ বছর হতে হবে। আবেদনকারীকে যে উপজেলার জন্য আবেদন করবেন সেই উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। নিজের ব্যবসা করার পরিকল্পনা বা ভালো কোনো ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করা যাবে। অর্থাৎ, আগে থেকেই ব্যবসা থাকতে হবে এমন কোনো শর্ত নেই।

তবে যারা আগে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ব্যবসার জন্য ঋণ নিয়েছেন, ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন অথবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করছেন, তারা এ সুবিধা পাবেন না।

আবেদন করার জন্য কোনো ব্যাংকে আগে থেকে হিসাব থাকা বাধ্যতামূলক নয়। সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন জমা দেওয়া যাবে। এ জন্য কোনো ফি বা টাকা দিতে হবে না।

একজন উদ্যোক্তার ব্যবসার ধরন, প্রয়োজন এবং সম্ভাব্য খরচ দেখে অর্থায়নের পরিমাণ ঠিক করবে ব্যাংক। সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন দেওয়া গেলেও সবাইকে পুরো ২০ লাখ টাকা দেওয়া হবে না। যার যতটুকু প্রয়োজন এবং ব্যবসার পরিকল্পনা যতটা বাস্তবসম্মত, সেই অনুযায়ী অর্থের পরিমাণ নির্ধারণ করা হবে।

অর্থাৎ, কোনো তরুণ ২০ লাখ টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করতে চান। তার ব্যবসার পরিকল্পনা ও প্রয়োজন যাচাই করে ব্যাংক যদি ২০ লাখ টাকা অনুমোদন করে, তাহলে ১০ লাখ টাকা ঋণ এবং ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। এ ঋণের জন্য কোনো সহায়ক জামানত না নিয়েও অর্থায়ন করা যেতে পারে।

ঋণ ও অনুদানের টাকা নগদে দেওয়া হবে না। অনুমোদিত অর্থ একই সময়ে একবারে উদ্যোক্তার ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

তবে ঋণের টাকা সময়মতো পরিশোধ না করলে বা ব্যবসার কাজে অর্থ ব্যবহার না করার প্রমাণ পাওয়া গেলে অনুদানের সমপরিমাণ অর্থও ঋণে পরিণত হবে। পরে ওই টাকা সরকারি পাওনা হিসেবে আইন অনুযায়ী আদায় করা হবে।

শুধু টাকা দেওয়াই নয়, উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনায় আরও বিভিন্ন সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। নির্বাচিত উদ্যোক্তাদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে ব্যবসা পরিচালনার পরামর্শ, ব্যবসা নিবন্ধন ও ব্যবসায়িক পরিকল্পনা তৈরিতে সহায়তা এবং বাজারের সঙ্গে যোগাযোগ তৈরির সুযোগও দেওয়া হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ কর্মসূচির সুবিধা পেতে কোনো ধরনের তদবির করা যাবে না। তদবির করলে আবেদন বাতিল হতে পারে। মিথ্যা তথ্য দেওয়া বা অন্যের ব্যবসার ধারণা নিজের নামে জমা দেওয়ার প্রমাণ পাওয়া গেলেও আবেদন বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট আবেদনকারীকে কালো তালিকাভুক্ত করা হতে পারে।

বাংলাদেশ ব্যাংক আশা করছে, উপজেলা পর্যায়ের তরুণদের ব্যবসার সুযোগ তৈরি হলে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি তরুণদের নতুন উদ্যোগ ও উদ্ভাবনী চিন্তা কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিও আরও শক্তিশালী হবে।

এসআই/জেডএস