তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনতে আরও বেশি দাম দিতে যাচ্ছে সরকার। এবার আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় প্রতি এমএমবিটিইউ এলএনজি সর্বোচ্চ ২৯.৭৯৫ মার্কিন ডলার দরে কেনার সিদ্ধান্ত হয়েছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮.০৩ ডলার এবং ২৪ আগস্ট ২৪.৬৩ ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়েছিল। অর্থাৎ মাত্র তিন সপ্তাহের ব্যবধানে এলএনজির সর্বোচ্চ ক্রয়মূল্য বেড়েছে প্রায় ৬ ডলার।
রোববার (১৪ সেপ্টেম্বর) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২০২৬ সালের ৪৪তম সভায় এলএনজি কেনার এসব প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
আজ এক সংবাদ বিবৃতি সূত্রে এসব তথ্য জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।
অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় মোট তিনটি প্রস্তাব উপস্থাপন করা হয়। সবগুলোই জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের। সভায় আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও চার কার্গোসহ মোট ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়।
এর মধ্যে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় পাঁচ কার্গোর মধ্যে দুই কার্গো কেনার প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি ৩-এর (ক) অনুসরণে এসব প্রস্তাব করা হয়।
প্রস্তাব অনুযায়ী, ৯ থেকে ১০ অক্টোবর ৫২তম কার্গো, ১২ থেকে ১৩ অক্টোবর ৫৩তম, ১৪ থেকে ১৫ অক্টোবর ৫৪তম, ১৫ থেকে ১৬ অক্টোবর ৫৫তম এবং ২৭ থেকে ২৮ অক্টোবর ৫৬তম কার্গো এলএনজি সরবরাহের সময় নির্ধারণ করা হয়েছে।
এর মধ্যে ৫২তম কার্গোর জন্য যুক্তরাজ্যের টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেডকে সুপারিশকৃত দরদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ৯৫ ডলার। আর ৫৬তম কার্গোর জন্য সিঙ্গাপুরের ভিটাল এশিয়া পিটিই লিমিটেডকে সুপারিশ করা হয়েছে। এ কার্গোর একক দর প্রতি এমএমবিটিইউ ২৯ দশমিক ৭৯৫ ডলার।
এদিকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় দুই কার্গো এলএনজি কেনার জন্য যুক্তরাষ্ট্রের ডারাব ইনকরপোরেটেডের প্রস্তাব অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। এক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ এলএনজির দর ১৭ ডলার।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মাইন্ড মিঙ্গল এলএলসির কাছ থেকে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় আরও দুই কার্গো এলএনজি কেনার প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে প্রতি এমএমবিটিইউ দর ১৯ ডলার। অর্থাৎ আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় দুই কার্গো এবং সরাসরি ক্রয় প্রক্রিয়ায় চার কার্গো মিলিয়ে মোট ছয় কার্গো এলএনজি কেনার প্রস্তাব দেওয়া হয়েছে।
সরকারি নথি অনুযায়ী, এলএনজির ক্রয়মূল্য সাম্প্রতিক সময়ে ধারাবাহিকভাবে বেড়েছে। গত ২৪ আগস্ট অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রতি এমএমবিটিইউ ২৪ দশমিক ৬৩ ডলার দরে এলএনজি কেনার অনুমোদন দেওয়া হয়।
এর এক সপ্তাহ পর ২ সেপ্টেম্বর প্রতি এমএমবিটিইউ ২৮ দশমিক ০৩ ডলার দরে এলএনজি কেনার সিদ্ধান্ত হয়। এবার সর্বোচ্চ দর দাঁড়িয়েছে ২৯ দশমিক ৭৯৫ ডলারে। অর্থাৎ ২৪ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে সর্বোচ্চ ক্রয়মূল্য বেড়েছে প্রায় ৫ দশমিক ১৭ ডলার।
অন্যদিকে গত বছরের ডিসেম্বরেও সরকার প্রতি এমএমবিটিইউ এলএনজি সাড়ে ১০ ডলারের নিচে দরে কিনতে পেরেছিল। সে হিসাবে কয়েক মাসের ব্যবধানে এলএনজির ক্রয়মূল্য প্রায় তিন গুণের কাছাকাছি পৌঁছেছে।
আরএম/এমএন
